এনামুলের চ্যালেঞ্জ নতুন বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক
এনামুল হক

প্রথম জিজ্ঞাসাতেই কুইন্টন ডি ককের কথা মনে পড়ে গেল এনামুল হকের—‘হ্যাঁ, অন্যান্য দলের খেলোয়াড়দের মধ্যে ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ও-ই শুধু আছে এবারের বিশ্বকাপে। আর কাউকে তো দেখছি না।’
অন্যদের নাম মনে করার অনেক চেষ্টা করলেন। কিন্তু ডি ককের নামটা বলে দিলেন চট করে। এনামুলের কথা শুনে তো এমনও মনে হলো, দক্ষিণ আফ্রিকার এই ওপেনারের প্রোফাইলে চোখ রাখেন নিয়মিতই, ‘৩৫টি ওয়ানডেতে ওর এখন ৬টি সেঞ্চুরি। আমার ২৭ ম্যাচে ৩টি। ওর অবশ্য ২৫ ম্যাচেই ৫টি হয়ে গিয়েছিল।’
অথচ এই ডি কক তিন বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন এনামুলের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকা এক ব্যাটসম্যান। ৬ ম্যাচে ২টি সেঞ্চুরিসহ ৬০.৮৩ গড়ে ৩৬৫ রান করে সেবার যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান এনামুলের। ২৮৪ রান নিয়ে ডি কক ছিলেন চার নম্বরে। এনামুল-ডি ককের এই তুলনা আসলে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে। তুলনা না বলে একজন সেরা ব্যাটসম্যান কীভাবে আস্তে আস্তে একজন চার নম্বর ব্যাটসম্যানের চেয়ে পিছিয়ে পড়লেন, সেটির ধারাবিবরণীও বলতে পারেন। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটা হয়েছিল অস্ট্রেলিয়ায়। ২০১৩ সালের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভূত ডি কক অস্ট্রেলিয়ায় ওয়ানডে খেলেছেন ৬টি, টেস্ট ১টি ও টি-টোয়েন্টি ম্যাচ ৩টি। আর এনামুল? কোনো ম্যাচই না।
ডি কক আর এনামুলের তুলনা একটা উদাহরণ মাত্র। নইলে বিগ ব্যাশে খেলায় সাকিব আল হাসান ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে খেলার নিকট অভিজ্ঞতা বাংলাদেশের কোন ক্রিকেটারেরই বা আছে! সর্বশেষ অভিজ্ঞতাটা ওই এনামুলেরই। সঙ্গে অবশ্য সৌম্য সরকারও আছেন। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলে এনামুলের সতীর্থ হয়েই। বিশ্বকাপের আগে সাকিবের দেশে না ফেরার সম্ভাবনাই বেশি। ১২ জানুয়ারি অনুশীলন শুরুর প্রথম দিন বাংলাদেশ দলের টিম মিটিংয়ে অস্ট্রেলিয়ান কন্ডিশন নিয়ে কোনো বক্তব্য দিতে হলে তাই ভরসা এনামুল আর সৌম্য।
তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোনো খেলাই টেস্ট ভেন্যুতে হয়নি। গ্যাবা, এমসিজি বা অ্যাডিলেড ওভালের সঙ্গে তাই এনামুলেরও এবারই প্রথম পরিচয় হবে। যদিও তাঁর ধারণা, উইকেটের চরিত্র একেবারে অচেনা থাকবে না, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠের উইকেটে ব্যাটিং করাটা একটু কঠিন ছিল। বল স্কিড করছিল, পেসাররা মুভমেন্টও পাচ্ছিল। তবে বাউন্সের কারণে বল সুন্দরভাবে ব্যাটে আসছিল। এবারও উইকেট ওরকমই হবে আশা করি।’
বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ নিউজিল্যান্ডে। যেখানে ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন এনামুল। তবে এবারের বিশ্বকাপের দুই ভেন্যু নেলসন ও হ্যামিল্টনে তাঁর খেলা হয়নি। তার পরও নিউজিল্যান্ডের কন্ডিশনটাও তাঁর একেবারে অচেনা নয়। তাসমান সাগরের দুই পারের দুই দেশে খেলার অভিজ্ঞতা থেকে বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটাও তাঁর জানা—নতুন বল। সেটা বোলিং-ব্যাটিং দুই ক্ষেত্রেই, ‘নতুন বলই হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাটসম্যানদের মতো বোলারদের জন্যও। নতুন বলে ১০-১৫ ওভার টিকে যেতে পারলে বলটা একটু পুরোনো হবে। তখন পরের দিকের ব্যাটসম্যানদের সুবিধা হবে। আবার পেসাররা নতুন বলে সাফল্য পেলে পরের দিকে অন্য বোলাররা সেটা কাজে লাগাতে পারবে।’
এনামুল ওপেনার, নতুন বলের পরীক্ষাটা তাই তাঁকে দিতে হবেই। সেটিতে উত্তীর্ণ হওয়ার আত্মবিশ্বাস জোগাচ্ছে যুব বিশ্বকাপই, ‘ছোটদের বিশ্বকাপে যখন পেরেছি, এখানে কেন নয়? আত্মবিশ্বাস আছে পারব। এই বিশ্বকাপে ভালো করতে পারলেই বরং সেটা সবাই জানবে, দেখবে। আমি আমার প্রস্তুতি সেভাবেই নিচ্ছি।’
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান করার গৌরবটাকে সারা জীবনের জন্যই একটা বড় অর্জন মনে করেন এনামুল। সেই অস্ট্রেলিয়াতেই এবার যাচ্ছেন আরও বড় মঞ্চের প্রদর্শনীতে। যাচ্ছেন দলের পথপ্রদর্শক হয়েও। সেটা নতুন বল খেলার ক্ষেত্রে যেমন, অস্ট্রেলিয়ায় খেলার সর্বশেষ অভিজ্ঞতাতেও।