এনামুলের বদলি ইমরুল কায়েস

রান ঠেকানোর জন্য একটি ডাইভই বিশ্বকাপ-স্বপ্নে ইতি টেনে দিয়েছে এনামুল হকের। হ্যাঁ, ইতিই তো! ওই একটি ডাইভেই তো কাঁধের হাড় সরে গেছে তাঁর। স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রান তাড়া করার ঐতিহাসিক লড়াইয়ে ব্যাট হাতে নামারই সুযোগ হয়নি তাঁর। বিশ্বকাপের অবশিষ্ট ম্যাচগুলোয় যে তিনি আর খেলতে পারছেন না, এটা প্রায় নিশ্চিতই।
এনামুল যেহেতু খেলতে পারছেন না, তাই তাঁর একজন বদলি তো অবশ্যম্ভাবীই। এ ব্যাপারে ইতিমধ্যেই আইসিসির কাছে আবেদন করা হয়ে গেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। আহত এনামুলের বদলে তাঁদের পছন্দ ইমরুল কায়েস। ইমরুলকে বলে দেওয়া হয়েছে প্রস্তুত থাকতে। আইসিসির সবুজ-সংকেত পেলেই অস্ট্রেলিয়া রওনা দেবেন তিনি।
এ ব্যপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আপাতত দলের সঙ্গে রেখেই এনামুলের চিকিৎসা চলবে। তাঁকে ফিরিয়ে আনার কথা এখনই আমরা কিছু ভাবছি না। টিম ম্যানেজমেন্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে। আইসিসির কাছে আমরা খেলোয়াড় বদলির আবেদন করেছি। ইমরুল কায়েসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আইসিসির সবুজ-সংকেত পেলেই ওকে পাঠানো হবে।’
বাংলাদেশের পরের ম্যাচ আগামী সোমবার। অ্যাডিলেডে মাশরাফির দলের প্রতিপক্ষ ইংল্যান্ড।