এনামুলের ব্যাটিং করা নিয়ে সংশয়

মেলবোর্নে বাজে ফিল্ডিংয়ের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন এনামুল হক। সে ভুল শুধরে নেলসনে আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই দারুণ ফিল্ডিং করছিলেন এনামুল। মাহমুদউল্লাহর করা ৩১তম ওভারের শেষ বলটা মমসেন পুল করে পাঠিয়ে দিলেন লং লেগে। ছুটে এসে ডাইভ দিয়ে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে মারাত্মক ব্যথা পেলেন এনামুল।
সঙ্গে সঙ্গে ফিজিও ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিলেও ফিল্ডিং করার মতো অবস্থায় নেই তিনি। তাঁর বদলি হিসেবে ফিল্ডিং করছেন মুমিনুল হক। এখন সংশয় দেখা দিয়েছে এনামুলের ব্যাটিং নিয়ে। তিনি ব্যাট করতে পারবেন তো?
পানি পানের বিরতিতে বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক বললেন, ‘চোটটা মারাত্মক মনে হয়েছে। তবে আশা করি, ব্যাট করতে পারবে।’ ক্রিকইনফোর ধারাভাষ্য বলা হয়েছে, ‘প্রচণ্ড ব্যথা দেখে মনে হচ্ছে ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে।’
অবশ্য রণকৌশলের অংশ হিসেবে ব্যাটসম্যান ব্যাটিং করতে পারবেন কিনা, ইনিংসের মাঝপথে সেটি জানানো হয় না। যাতে প্রতিপক্ষ সুবিধা আদায় করতে না পারে।
সত্যি যদি এনামুল ব্যাট করতে না পারে, তবে বাংলাদেশের জন্য পরীক্ষাটা আরও কঠিনই হয়ে পড়বে। এ দিকে মাশরাফি বিন মুর্তজাকেও আজ বেশ কবার ব্যথাতুর দেখা গেছে।