বোলিংয়ে বিধ্বংসী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিংয়ে আল-আমিন যেন বিধ্বংসী। ফাইল ছবি
বোলিংয়ে আল-আমিন যেন বিধ্বংসী। ফাইল ছবি

২১৭, পুঁজিটা সামান্যই। এনামুল হকের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরির পরও ভালো একটা পুঁজি না পাওয়ার আক্ষেপ অবশ্য দ্রুতই মুছে ফেলেছেন বাংলাদেশের বোলাররা। আরও নির্দিষ্ট করে বললে আল-আমিন। এরই মধ্যে তিন উইকেট শিকার করেছেন এই পেসার। ১৬ ওভারে ৪৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের প্রথম উইকেট পতনের সঙ্গেই জড়িয়ে আছে আল-আমিনের নাম। সেটা অবশ্য ফিল্ডারের ভূমিকায়। ইনিংসের ষষ্ঠ ওভারে মাশরাফি বিন মুর্তজার বলে ডিপে ভালো ক্যাচ নিয়েছেন। তবে এতেই তৃপ্ত হতে রাজি ছিলেন না। তাঁর আসল ভূমিকায় ফিরতেই আল-আমিন যেন বিধ্বংসী হয়ে উঠলেন।
প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে ড্যারেন ব্র্যাভোকে ক্যাচ বানালেন উইকেটের পেছনে। বাঁয়ে ঝাঁপিয়ে পড়ে দারুণ রিফ্লেক্সে ক্যাচ লুফে নিয়ে এই উইকেটে অধিনায়ক মুশফিকও সমান কৃতিত্বের ভাগিদার। ১০ ওভারে ২০ রান তুলতেই স্বাগতিকদের নেই ২ উইকেট।
স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই নেই আরও দুই উইকেট! একাদশ ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহ ফেরালেন কার্ক এডওয়ার্ডসকে (১০)। লাইনের আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড! পরের ওভারেই রানের খাতা খোলার আগেই লেন্ডল সিমন্স ফিরলেন আল-আমিনের দ্বিতীয় শিকার হয়ে। নিজের পরের এবং ইনিংসের ১৪তম ওভারে আল আমিন তৃতীয় বানালেন অধিনায়ক ডোয়াইন ব্র্যাভোকে (৫)। এটাই ওয়ানডেতে আল-আমিনের ক্যারিয়ার সেরা বোলিং। অথচ ইনিংসের তো মাত্রই শুরু।
৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ কায়রন পোলার্ড আর দিনেশ রামদিনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
এর আগে ব্যাটিংয়ে শুধুই এনামুল-শো। তরুণ এই ব্যাটসম্যান বোধ হয় ফিফটি-টিফতিতে খুব একটা বিশ্বাসী নন! সেঞ্চুরি হাঁকিয়ে তবেই তাঁর শান্তি! ২০ ম্যাচে সেঞ্চুরি তিনটি, ফিফটি মাত্র একটি। তৃতীয় সেঞ্চুরিটি এল আজ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ইনিংস কেবল এনামুলময় হয়েই থাকল। বাকিরা থাকলেন বটে, তবে নামেমাত্র! ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ২১৭, যার ১০৯ রানই একা এনামুলের।
উইকেটের এক দিক এনামুল আগলে রেখেছেন। তবুও বাংলাদেশের রানের গতি বাড়েনি, নিয়মিত বিরতিতেই ব্যাটসম্যানরা ভুলের খেসারত দেওয়ায়। এর মধ্যে আছে হাস্যকর রান-আউটও, ইনিংসের বড় টার্নিং পয়েন্ট হয়তো এটাই।
ব্রাভোর ফ্রি-হিট বলে তৃতীয় রান নিতে গিয়ে উইকেটের অনেক বাইরে মুখোমুখি সংঘর্ষ হলো এনামুল ও ইমরুল কায়েসের! গন্তব্যে পৌঁছাতেই দেরি হয়ে গেল ইমরুলের। লেন্ডল সিমন্সের ছোড়া বলে মুহূর্তেই রানআউট! এমন আউটকে ‘শিশুতোষ’ ছাড়া আর কী বলা যেতে পারে!  ইমরুল ফিরলেন ৯ রানে। এরপর ৮ রানে ব্রাভোর বলে ফিরে গেলেন শামসুর রহমানও। আশার আলো দেখাতে পারলেন না অধিনায়ক মুশফিকুর রহিমও। ১১৭ রানে বাংলাদেশের ৪ উইকেটের পতন।
গ্রেনাডায় প্রথম ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা বেশ ভালোই হয়েছিল। উইকেট বাঁচিয়ে ধীরলয়ে শুরু করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল। ১২.১ ওভারে জেসন হোল্ডারের শর্ট বল মিড-উইকেটে দাঁড়ানো পোলার্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে ২৬ রানে ফিরে গেছেন প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত এ ম্যাচেও ধরে রাখা ‘ধীরস্থির’ তামিম।
কিন্তু মিডল অর্ডার তো বটেই, লোয়ার মিডল অর্ডারেও সেভাবে দাঁড়াতে পারেননি কেউ। অবশ্য ২৮ বলে ২৬ করে আউট হওয়ার আগে নাসির ৫৩ রানের জুটি গড়েছিলেন এনামুলের সঙ্গে। এটাই ইনিংসের সর্বোচ্চ জুটি। কিন্তু সর্বনাশ যা হওয়ার আগেই হয়েছে। রানের গতিটা আর বাড়াতে পারেনি বাংলাদেশ।
এ মাঠের রেকর্ড বলছে, ২১৮ লক্ষ্য হিসেবে তেমন কিছু নয়। অবশ্য এই মামুলি পুঁজি নিয়ে লড়াই করতে হলে বল হাতে বাংলাদেশের শুরুটা যত দুর্দান্ত হওয়া দরকার ছিল, হলো তার চেয়েও দুর্দান্ত। দেখা যাক, ক্যারিবীয়-ডায়রির সোনালি পাতায় নতুন কোনো অধ্যায় এবার যোগ হয় কিনা।