এফএম শোতে সাকিবের মজার অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএম রেডিও অনুষ্ঠানটিতে সাকিব আল হাসান। ছবি: টুইটার থেকে নেওয়া
এমএম রেডিও অনুষ্ঠানটিতে সাকিব আল হাসান। ছবি: টুইটার থেকে নেওয়া

আইপিএল এমনই। ক্রিকেটারদের মুখোমুখি হতে হয় নানা অভিজ্ঞতার। মাঠে কিংবা মাঠের বাইরে। ২০১১ সাল থেকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব আল হাসান। এবার কলকাতা নাইট রাইডার্স ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদে আসার পর অভিজ্ঞতার মাত্রাটা একটু ভিন্নই হচ্ছে তাঁর। মাঠে কেন্দ্রীয় ভূমিকাটা তো আছেই। মাঠের বাইরেও নানামুখী কার্যক্রমে যুক্ত হতে হচ্ছে তাঁকে। কিন্তু তাঁকে যে এমএম রেডিওর প্র্যাঙ্কের মুখোমুখি হতে হবে, সেটা বোধ হয় তিনি নিজেও ভাবেননি।

ভারতের জনপ্রিয় এমএম রেডিও চ্যানেল ‘রেড এফএম’। দিল্লিভিত্তিক এই রেডিও স্টেশনটির অনুষ্ঠান শোনা যায় দিল্লি ছাড়াও মুম্বাই, পুনে, কলকাতা, ইন্দোর, সুরাট, ভূপাল প্রভৃতি শহরে। এই রেডিও চ্যানেলেরই একটি জনপ্রিয় প্র্যাঙ্ক অনুষ্ঠানে নন্দ কিশোর বৈরাগীর মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে অদ্ভুত সব প্রশ্নে ছুড়ে দেওয়া হচ্ছিল সাকিবের দিকে। প্রশ্ন শুনে হোঁচট খেলেও বুদ্ধি ব্যবহার করেই নন্দ কিশোর বৈরাগীর বেয়াড়া প্রশ্নগুলো সামাল দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ব্যক্তিগত সাক্ষাৎকার দিলেও এ ধরনের অনুষ্ঠানে সাকিব কখনো অংশ নিয়েছেন কি না, সেটা একটা গবেষণার বিষয়। তবে ভারতীয় এমএম চ্যানেলে অদ্ভুত প্রশ্নবানের সামনে সাকিব যেভাবে ঢাল তুললেন, তাতে বোঝা গেল, কেবল ক্রিকেট মাঠের অলরাউন্ডারই তিনি নন, মিডিয়া সামলাতেও সাকিব একজন দারুণ ‘অলরাউন্ডার’।