এবার অন্তত ব্যাট তুলতে পারলেন!

মাশরাফির বল মিড উইকেটে পাঠিয়ে আলসে এক সিঙ্গেলে ছুঁলেন পঞ্চাশ। গ্যালারির গুটিকয় দর্শকের দিকে উঁচিয়ে ধরলেন ব্যাট। দুহাত উঁচিয়ে বা খুব স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত অবশ্য নয়। স্রেফ আলতো করে, একটু ক্ষণের জন্য। তবুও তো পারলেন। ক্রিস গেইল বাংলাদেশের বিপক্ষে ব্যাট উঁচিয়ে ধরার স্বাদটাই তো ভুলতে বসেছিলেন প্রায়!
ভুলতে বসেছিলেন কী, হয়তো সত্যিই মনে নেই। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ কোনো মাইলফলক ছোঁয়ার বয়স যে প্রায় ৮ বছর ছুঁতে চলল! ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জয়পুরে ১১৮ বলে করেছিলেন অপরাজিত ১০৪। বাংলাদেশের ১৬১ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ১০ উইকেটে। সেই শেষবার। ‘গেইল দানবের’ তাণ্ডবে এরপর ছত্রখান হয়েছে কত বোলিং আক্রমণ, বিশ্বের সেরা সব বোলারকেও কতবার কচুকাটা করেছেন। কিন্তু এই ‘দুরন্ত ঝঞ্ঝা’কে বশ করার পথ কীভাবে যেন প্রতিবারই বের করে ফেলেছে বাংলাদেশ!
সেটা হোক টেস্ট বা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। জয়পুরের সেই সেঞ্চুরির পর কালকের আগে তিন সংস্করণ মিলিয়ে ১৫ বার ব্যাট করতে নেমেছেন গেইল বাংলাদেশের বিপক্ষে। ফিফটি নেই একটিও, ৪০ ছুঁয়েছেন একবার, দুবার ৩০। দুই অঙ্ক ছোঁয়ার আগেই কাটা পড়েছেন ৬ বার। এই ১৫ ইনিংসে মোট রান ২৫৫, গড় মাত্র ১৯.৬১! অথচ ট্রিপল সেঞ্চুরি করেছেন গলে, আদ্যন্ত ব্যাট করেছেন অ্যাডিলেডে, টি-টোয়েন্টি-ওয়ানডেতে কত বিধ্বংসী সব ইনিংস, পোলক-এনটিনি থেকে লি-স্টেইন-আজমলদের ধ্বংস করেছেন। কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিজেকে হারিয়ে খুঁজেছেন বারবার। ব্রিজটাউন থেকে ঢাকা, খুলনা কিংবা চট্টগ্রাম, কিংবা গ্রেনাডা—চিত্রটা পাল্টায়নি।
বাংলাদেশের মাটিতে ২০১২ সিরিজটা তো সম্ভবত কখনোই ভুলবেন না গেইল। দুর্দান্ত ফর্মে থেকে সেবার বাংলাদেশে এসেছিলেন। এখানকার ব্যাটিং উইকেট আর ছোট মাঠে গড়পড়তা বোলিং আক্রমণকে উড়িয়ে দেবেন, এই ছিল ভাবনা, শঙ্কা। কিন্তু যা হয়েছিল সেবার, চমকে গিয়েছিল পুরো ক্রিকেট-বিশ্বই। আনকোরা এক অফ স্পিনারের হাতে সেবার কুপোকাত গেইল। আবির্ভাবেই সোহাগ গাজী কীভাবে গেইল দানবকে পুরো একটি সিরিজ বোতলবন্দী করে রেখেছিলেন, বাংলাদেশের ক্রিকেটে দারুণ রোমাঞ্চকর এক গল্প হয়ে থাকবে তা। ২ টেস্ট শেষ হয়ে ৫ ওয়ানডের সিরিজ এল, এরপর গেইলের প্রিয় সংস্করণ টি-টোয়েন্টি। মনে হচ্ছিল, এই বুঝি জ্বলে উঠলেন গেইল। কিন্তু সেই দিনটি সেবার আর আসেনি।
আসেনি এবার প্রথম ম্যাচেও। কালও যে নিজের সেরা ফর্মে ছিলেন বা ছিলেন বিধ্বংসী চেহারায়, এমনটি নয়। ৫৮ রানের ইনিংসে পাঁচ-পাঁচটি ছক্কা থাকার পরও স্ট্রাইক রেট নব্বইয়ের নিচে। রিভিউয়ে বাঁচলেন দু-দুবার। শেষ পর্যন্ত আউট হয়েছেন মাহমুদউল্লাহর এক শর্ট বলে, যেটি তাঁর অনায়াসেই গ্যালারিতে পাঠানোর কথা। ক্যাচ নিলেন সেই সোহাগ!
আবারও সোহাগের কাছেই ‘বন্দী’। খুব বড় ইনিংস তো নয়ই। তবু খানিকটা স্বস্তি। এই ইনিংসে তো তবু ব্যাট তুলতে পেরেছেন!