এবার অন্য কিছু হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফতুল্লা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খবর চলে এল মুহূর্তের মধ্যে। না, পাকিস্তানের বিপক্ষে বিসিবি একাদশের জয়ে উল্লাস করেননি জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু একটা স্বস্তি ঠিকই ছড়িয়ে পড়ল। অবশেষে পাকিস্তানকে হারানো তো গেল!
১৯৯৯ বিশ্বকাপের পর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ওয়ানডে খেলেছে ২৫টি, সব মিলিয়ে ৩২ ম্যাচ। কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পেরেছে ওই একবারই’—১৯৯৯ বিশ্বকাপে। অথচ গত ১৬ বছরে ওয়ানডেতে কাকে হারায়নি বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের বিপক্ষে তো আছে হোয়াইটওয়াশের গৌরবও। পাকিস্তানই শুধু অবধ্য থেকে গেছে। কয়েক বছর ধরেই প্রতিটি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আগেই তাই সামনে চলে আসে প্রশ্নটা—এবার ঘুচবে জয়ের বন্ধ্যাত্ব?
গবেষণাও কম হয় না এ নিয়ে। ক্রিকেটীয় দক্ষতা আর অভিজ্ঞতার পার্থক্যের কাছেই কি বারবার হেরে যায় বাংলাদেশ! নাকি আছে কোনো মানসিক বাধা? দিনের পর দিন একটা দলের কাছে শুধু হারতেই হচ্ছে, সেটাই স্নায়ুচাপ সৃষ্টি করে না তো প্রতিটি ম্যাচের আগে! কিংবা এমনও হতে পারে, ‘জিততেই হবে’ ব্যাপারটাই ফেলে দিচ্ছে চাপে। এ রকম অনেক প্রশ্ন। কিন্তু উত্তর মেলে না কখনোই। অবশেষে কালকের প্রস্তুতি ম্যাচের জয় যেন ক্রিকেটারদের সে উত্তর খুঁজে পেতে সাহায্য করছে। নাসির হোসেন যেন আগাম ঘোষণাই দিয়ে দিলেন, ‘আজ (গতকাল) তো জিতল আমাদের দল। এবার দেখবেন এই রেকর্ড ভাঙবে...আমরা জিতব এবার।’ নাসির হোসেনের কথায় আস্থা রেখেও সম্পূরক প্রশ্নটা করতেই হলো—‘তাহলে এত দিন কেন পারেননি? এটা কি মানসিক কোনো কারণে...?’
নাসির: আল্লাহই জানেন কেন যে ওদের সঙ্গে পারি না! তবে এটা নিশ্চিত, সমস্যাটা মানসিক নয়।
এই একটা জায়গায় সবাই-ই একমত। পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ ভুলে যাওয়ার কারণ আর যা-ই হোক মানসিক নয়। এমনকি এখানে সামর্থ্যের অভাবও দেখেন না কেউ। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা উদাহরণ দিয়ে বললেন, ‘সমস্যাটা যে সামর্থ্যের নয়, তা গত এশিয়া কাপেই প্রমাণিত। আমরা জয়ের কাছাকাছি গিয়েও হেরে গেছি। এটাকে মানসিক বাধাও বলব না। আসলে কেন যে পারি না তার কোনো উত্তর নেই। হয়তো পাকিস্তানের বিপক্ষে ভাগ্যও আমাদের সহায় থাকে না।’
মাহমুদউল্লাহ অবশ্য পাকিস্তানের কাছে বারবার হারাতে কোনো রহস্য দেখেন না। তাঁর সোজাসাপ্টা জবাব, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের পারফরম্যান্স ভালো হয় না, তাই জিতি না। এখানে অন্য কোনো সমস্যা নেই।’ গত ১৬ বছরে কেন বাংলাদেশ পারেনি, সে গবেষণায় আর না গিয়ে দ্রুতই তিনি হয়ে গেলেন ভবিষ্যৎমুখী, ‘এত দিন যা হয়েছে তার সঙ্গে এবারের সিরিজেই পার্থক্য দেখতে পারবেন আপনারা। আমরা এখন যেভাবে খেলছি শুধু সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। বিশ্বকাপের পর সবাই এখন অনেক আত্মবিশ্বাসী।’
প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দলে প্রথমে ছিলেন না। শেষ পর্যন্ত তামিম ইকবালের ইচ্ছাতেই দলভুক্ত করা হয় তাঁকে। দুর্ভাগ্য তামিমের, এই ম্যাচ দিয়েও রানে ফিরতে পারেননি। তবে ফতুল্লার কালকের ম্যাচ থেকে তাঁর আছে অন্য একটা অর্জন। মাহমুদউল্লাহ-নাসিরের মতো তামিমেরও বিশ্বাস, ‘আজকের (গতকাল) জয়টা নিশ্চিতভাবেই বাংলাদেশ দলকে অনেক অনুপ্রাণিত করবে। জাতীয় দলের সাব্বির খুব ভালো একটা ইনিংস খেলেছে এই ম্যাচে। এটা সবারই আত্মবিশ্বাস বাড়াবে।’
তামিম যেন দিব্যদৃষ্টিতেই দেখতে পাচ্ছেন, এবারের সিরিজটা পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজগুলোর মতো কাটবে না। এবার এই দলটার বিপক্ষে হাসা যাবে সাফল্যের হাসি, ‘ওদের হারানোর সুযোগ এর আগেও আমরা পেয়েছি। কিন্তু সব সময় আমরা সুযোগগুলো হাতছাড়া করেছি। অনেক ক্লোজ ম্যাচও হেরে গেছি। তবে এবার আমরা যে অবস্থায় আছি তাতে অন্য কিছু করা সম্ভব।’
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কি কাল সেই ‘অন্য কিছু’রই ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো?