এবার অভিযুক্ত হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট এত উত্তাল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও কি তাতে একটু টালমাটাল না হয়ে পারে! চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে শনিবার ডলফিনসের বিপক্ষে ম্যাচে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন লাহোর লায়নসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। একই ম্যাচে অভিযুক্ত হয়েছেন ডলফিনসের প্রেনেলান সাবরায়েনও। দুজনই সেদিন দুই দলের হয়ে বোলিংয়ের সূচনা করেছিলেন। বলার অপেক্ষা রাখে না, দুজনই অফ স্পিনার!
২০০৫ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ভিবি সিরিজে একবার অভিযুক্ত হয়েছিলেন হাফিজ। তবে চ্যাম্পিয়নস লিগে অভিযুক্ত হওয়ার কোনো প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে পড়বে না। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সাবরায়েন ও হাফিজ এখন চাইলে বিসিসিআইয়ের বোলিং অ্যাকশন কমিটির কাছে আনুষ্ঠানিক মূল্যায়নের আবেদন করতে পারেন। মূল্যায়ন না হওয়া পর্যন্তও তাঁরা খেলে যেতে পারবেন, তবে সে ক্ষেত্রে নাম উঠবে টুর্নামেন্টের সতর্ক তালিকায়। এ তালিকায় থাকা অবস্থায় আবার অভিযুক্ত হলে টুর্নামেন্টে আর বোলিং করা যাবে না এবং অ্যাকশন না শোধরানো পর্যন্ত অংশ নেওয়া যাবে না বিসিসিআই আয়োজিত কোনো ধরনের ক্রিকেটে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কোনো সংস্রব নেই বলে বাধা নেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলে যেতে।
এবারের চ্যাম্পিয়নস লিগেই এর আগে অভিযুক্ত হয়েছেন লাহোর লায়নসের আরেক অফ স্পিনার আদনান রসুল। তবে সতর্ক তালিকায় থাকা রসুল খেলে যাচ্ছেন টুর্নামেন্টে। ক্রিকইনফো।