এবার অমিতাভ-ফ্লিনটফ টুইট 'যুদ্ধ'

ভারতের গ্যালারি দলের দ্বাদশ খেলোয়াড় সন্দেহ নেই। আর ত্রয়োদশ খেলোয়াড়? নিঃসন্দেহে অমিতাভ বচ্চন! তাঁর তো আর গ্যালারিতে বসে গলা ফাটানোর জো নেই। তিনি কি বোর্ড ‘ফাটাচ্ছেন’। একের পর এক টুইটে সমর্থন দিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনির দলকে। এবার তো কিংবদন্তি এই অভিনেতা টুইটারে বচসায় জড়িয়ে গেলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে। ঘটনার কেন্দ্র বিরাট কোহলি।
শুরুটা অবশ্য করেছিলেন ফ্লিনটফই। প্রথমে একটি টুইট বার্তায় কোহলির ইনিংসটির প্রশংসা করেন। এর খানিক পরেই হয়তো নিছক মজা করেই লেখেন, ‘কোহলি যেভাবে খেলছেন, এভাবে চালিয়ে গেলে একদিন নিশ্চয়ই সে রুটের মতো হয়ে উঠবে।’ জো রুটের ধারাবাহিক ফর্ম দিয়ে ফ্লিনটফ মজাই করতে চেয়েছিলেন। সেই মজার জবাব মজা দিয়েই দিলেন অমিতাভ, ‘রুট! কে রুট? সমূলে উপড়ে ফেলা হবে এই রুট।’

কোহলি, ফ্লিনটফ, জো রুটসহ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার আইডি মেনশন করে লিখে দিলেন তিনি। রুট মানে যে শেকড়ও, তা বলে না দিলেও নিশ্চয়ই চলছে।
টুইটারে দুই কোটিরও বেশি অনুসারী এই তারকার। তাদেরই অনেকে মহা উৎসাহে লেগে গেলেন ফ্লিনটফের পেছনে। হতে থাকল একের পর এক টুইট-রিটুইটের আক্রমণ। ফ্লিনটফও পিছু হটবার পাত্র নন। ভেংচি কাটবার ইমোটিকন দিয়ে অমিতাভের টুইটের লিংকসহ আবার টুইট করলেন, ‘দুঃখিত! ইনি কে?’
অমিতাভ বচ্চনকে চেনেন না! ভারতীয়রা তো আরও চটে গেল। অনেকেই ফ্লিনটফকে লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম ঘুরে অমিতাভের মূর্তিটি দেখে তার পরিচয় জেনে আসতে বললেন। শেষমেশ ‘যুদ্ধ’টা শুধু অমিতাভ-ফ্লিনটফেই সীমাবদ্ধ থাকল না।

অমিতাভ আর ফ্লিনটফ দুজনই যে এই টুইট যুদ্ধ, কথার লড়াই স্রেফ মজা করেই করছিলেন, সেটা অনেকেই ধরতে পারেনি। ফলে পরিস্থিতি শুরুর থেকে যতটা হালকা ছিল, ততটা থাকল না। অনেক ভারতীয় তো ফ্লিনটফের ওপর পারলে হামলেই পড়ে। একপর্যায়ে বিরক্ত হয়ে ফ্লিনটফ জানালেন নিছক মজা করছিলেন। কাউকে আঘাত করা তার টুইটের উদ্দেশ্য ছিল না। না বুঝেই কিছু মানুষ বাড়াবাড়ি করছে।