এবার অসীমের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরম্যান গর্ডন: ১৯১১–২০১৪
নরম্যান গর্ডন: ১৯১১–২০১৪

টেস্ট ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত। তবে আশ্চর্য এক ভ্রমণ ছিল জীবনের আঙিনায়। এতটাই দীর্ঘ সেই ভ্রমণ যে পথচলায় গড়েছেন ইতিহাস। ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ অমোঘ নিয়তি মেনে থেমে গেছে সেই পথচলা। জীবনের ইনিংসে সেঞ্চুরিয়ান প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার এখন আর অপরাজিত নন। জোহানেসবার্গ সিটি সেন্টারের কাছে, হিলব্রোর যে বাড়িতে ৬০ বছর ধরে ছিল বাস, সেখানেই গত পরশু স্থানীয় সময় রাত দুটোয় শেষবারের মতো চোখ বুজেছেন নরম্যান গর্ডন। যাত্রা শুরু এবার অসীমের পথে। এই ভুবনে কাটিয়ে গেছেন ১০৩ বছর ২৭ দিন।
আশ্চর্য এক সংখ্যা এটি—সেঞ্চুরি! ২২ গজে সেঞ্চুরি ছোঁয়াও দারুণ একটি মাইলফলক। তবে সে তো হরহামেশাই হয়! জীবনের ইনিংসে সেঞ্চুরিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার শুধু তিনিই। এমনিতে জীবন-মৃত্যুর মতো গভীর ব্যাপারগুলো ছাড়িয়ে যায় পরিসংখ্যানের সীমানা। কিন্তু ক্রিকেটের পরতে পরতে যে পরিসংখ্যান! অকালপ্রয়াণ বা দীর্ঘ জীবনও এখানে একেকটি রেকর্ড। নরম্যান গর্ডনও তাই অনন্য। তিন বছর আগে তাঁর জন্মদিন আনন্দের উপলক্ষ হয়ে এসেছিল পুরো ক্রিকেটবিশ্বের জন্য। ধুমধাম করে পালন করা হয়েছিল কোনো আন্তর্জাতিক ক্রিকেটারের প্রথম শততম জন্মদিন। পরের দুই বছরও তাঁর জন্মদিন ছিল বড় খবর। সেই রং নিশ্চয়ই থাকবে না আগামী বছরের ৬ আগস্ট। জীবিতদের জন্মদিন উৎসবের উপলক্ষ, মৃতদের জন্মদিনেও যে থাকে শোকের ছোঁয়া!
বছর খানেক ধরেই বৃক্কের সমস্যা পিছু লেগে ছিল, বেশ কয়েকবার নিতে হয়েছে হাসপাতালে। তবে এ ছাড়া আর কোনো রোগবালাই ছিল না। বয়সের ছোবল অবশ্য ছিল শরীরে। শেষ দিকে বলতে গেলে কিছুই দেখতেন না চোখে, শ্রবণশক্তিও ছিল না থাকার মতো। তবে মুখের হাসিটা ছিল অমলিন। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ও ঘনিষ্ঠ বন্ধু আলী ব্যাখার যেমন বললেন, ‘সব সময়ই ওঁর মুখে ছিল হাসি। জীবনের একটি সাধারণ দর্শন ছিল ওঁর, লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করতেন। পরিচয় ক্রিকেটের মাধ্যমেই হোক বা গলফ। জীবনকে যতটা পারা যায় উপভোগ করতেন।’ এই ক্রিকেট আর গলফ ছিল তাঁর জীবনজুড়ে। হাউটন গলফ ক্লাবের আজীবন সদস্য ছিলেন। ৯৭ বছর বয়স পর্যন্তও নিয়মিত গলফ খেলেছেন, ৮৭ বছর বয়সে করেছিলেন ‘হোল ইন ওয়ান।’ শেষ জীবনের সঙ্গী ছেলে ব্রায়ানকে নিয়ে প্রতিদিন বিকেল গড়ালেই চলে যেতেন ক্লাবে। গলফ খেলার পাশাপাশি চলত টিভিতে ক্রিকেট দেখা। শেষ দুটি বছর অবশ্য হাসপাতাল ছাড়া বাড়ির বাইরে বের হতে পারেননি।
খেলোয়াড়ি জীবনে ছিলেন ফাস্ট বোলার। টেস্ট ক্যারিয়ারে একটি সিরিজই খেলতে পেরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজে ৫ টেস্ট খেলে নিয়েছিলেন সিরিজ-সর্বোচ্চ ২০ উইকেট। শেষ টেস্টটিই ছিল সেই বিখ্যাত ‘টাইমলেস টেস্ট’। ১০ দিন ধরে খেলার পরও যে টেস্টের ফল আসেনি। চতুর্থ ইনিংসে ৬৯৬ তাড়া করে ৫ উইকেটে ৫৫৪ রান তুলে ফেরা ইংল্যান্ড রণে ভঙ্গ দিয়েছিল জাহাজ ধরার তাড়া ছিল বলে। তত দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। যুদ্ধের পর বিস্ময়করভাবে আর দলে নেওয়া হয়নি গর্ডনকে। শোনা যায়, ইহুদি বলেই উপেক্ষা করা হয়েছিল তাঁকে। তবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে গেছেন ১৯৪৯ পর্যন্ত।
গতির সঙ্গে গর্ডনের বড় শক্তি ছিল স্ট্যামিনা। ফাস্ট বোলার হয়েও ১২-১৫ ওভারের স্পেল করতেন নিয়মিতই। শেষ টেস্টেও বল করেছিলেন ৭৩৮টি! ৯২.২ ওভার (৮ বলের) বল করার সেই কীর্তি এখনো এক টেস্টে ফাস্ট বোলারদের জন্য রেকর্ড। অবসরের পর ক্রীড়াসামগ্রীর দোকান চালিয়েছেন জোহানেসবার্গে। ৯৪ বছর বয়স পর্যন্ত খণ্ডকালীন হিসাবরক্ষকের কাজ করেছেন একটি ফার্মে। আজীবন কেতাদুরস্ত ছিলেন, শেষ বয়সেও বাড়ির বার হলে কেতাদুরস্ত হয়েই বেরোতেন। যৌবনে ছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম হার্টথ্রব! চুলে জেল ব্যবহার করতেন বলে সতীর্থরা একসময় নাম দিয়েছিলেন ‘মবিল।’
সবকিছু পেছনে ফেলে চলে গেলেন গর্ডন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ক্রিকেটের গল্প শোনাবার জন্যও আর রইল না মাঠের কেউ। জীবিত সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার এখন গর্ডনের দেশেরই লিন্ডসে টাকেট (৯৫ বছর ২০৯ দিন)। জিম হাচিনসনকে ছাড়ানোও হলো না গর্ডনের। সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা প্রথম শ্রেণির ক্রিকেটারের রেকর্ডটি থেকে গেল ডার্বিশায়ার অলরাউন্ডার হাচিনসনেরই (১০৩ বছর ৩৪৪ দিন)।
মৃত্যুর মতো ব্যাপারে আবারও কীভাবে চলে আসছে পরিসংখ্যান-রেকর্ড! ওপার থেকে গর্ডন সম্ভবত তাতে খুব একটা মন খারাপ করবেন না। এই রেকর্ডই তো অমর করে রাখবে তাঁকে! ক্রিকইনফো, ডেইলি সান, সানডে টাইমস, বিল্ড।