এবার অস্ট্রেলিয়া জয়

জশ হ্যাজলউড কিংকর্তব্যবিমূঢ়। শেষ চেষ্টা হিসেবে রিভিউ চেয়েও পেলেন না। সব যে আগেই শেষ! আম্পায়ার এলবিডব্লুর আঙুল তুলে দেওয়ার পর অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছিলেন বাংলাদেশের খেলোয়াড়দের ঐতিহাসিক জয়ের উল্লাস। সে উল্লাসে মধ্যমণি কেউ নন। তবে স্টেডিয়ামময় আবহসংগীতের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছিল দর্শকদের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি।
সাব্বির রহমান শূন্যে ভাসছেন। স্টাম্প বগলে নিয়ে বাতাসে ঘুষি ছুড়ছেন মুশফিকুর রহিম। দুই হাত মুষ্টিবদ্ধ করে জয়ের নায়ক সাকিব আল হাসান যেন ‘বডিবিল্ডার’। শেষ উইকেটটা যিনি নিলেন, সেই তাইজুল ইসলাম মাটিতে পড়ে থাকা আরেকটি স্মারক উইকেট তুলে নিতে ব্যস্ত। প্রেসিডেন্ট বক্স থেকে হাস্যোজ্জ্বল মুখে লাল-সবুজ পতাকা নাড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটু পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সদলবলে হাত নেড়ে নেড়ে প্রদক্ষিণ করলেন মাঠ। কাল দুপুর গড়াতেই এ রকম অসংখ্য আনন্দময় খণ্ডচিত্রে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন উৎসবের মেলা। বিজয়ের উৎসব।
২০০৫ সালে কার্ডিফে ওয়ানডেতে পাওয়া জয়ই আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সাফল্য হয়ে ছিল। ২০০৬-এর ফতুল্লা টেস্টে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা গেলেও চার টেস্ট খেলে ফলাফলের খাতা ছিল শূন্যতায় ভরা। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের
পঞ্চম টেস্টে ধরা দিল আরাধ্য জয়। তা-ও ম্যাচের প্রায় দেড় দিন বাকি থাকতে!
মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১৫৬ রান। বাংলাদেশের ৮ উইকেট। এই হিসাব একটি জিনিস নিশ্চিত করে দিয়েছিল, হাতে যেহেতু গোটা দুই দিন বাকি, বৃষ্টি ভজকট না পাকালে টেস্টে ফলাফল হবেই। প্রশ্ন ছিল একটাই, জয়ী দলের নাম বাংলাদেশ হবে, নাকি অস্ট্রেলিয়া?
শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট প্রথম তিন দিন যে রকম আচরণ করেছে তাতে চতুর্থ দিনে ৮ উইকেটে ১৫৬ করা সহজ ছিল না। তবু সম্ভাবনার পাল্লা দুই দিকেই সমান করে রেখেছিল স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নার জুটি। অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান। তাঁরা ঠিকমতো খেলে দিতে পারলে ১৫৬ রান করতে বাকি ব্যাটসম্যানদের আর না নামলেও চলত।
কিন্তু অস্ট্রেলিয়ার যেমন আছেন ওয়ার্নার-স্মিথ, বাংলাদেশেরও আছেন সাকিব-তাইজুল-মিরাজ। মিরপুরের স্পিনস্বর্গে জয় হয়েছে এই ত্রয়ীর। প্রথম ইনিংসের ৮৪ রান আর দুই ইনিংসেই ৫ উইকেট করে তুলে নিয়ে সাকিব আল হাসান তো আরও একবার দেখিয়ে দিলেন কেন তিন সংস্করণের ক্রিকেটেরই বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট তাঁর মাথায়।
দীর্ঘ ১১ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগেই অবশ্য বাংলাদেশ দল জানিয়ে দিয়েছিল, তারা জয়ের কথাই ভাবছে। যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে কোনো দিন সাদা পোশাকে খেলা হয়নি, তাদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামার আগে মুশফিক-সাকিবদের মুখে কোরাসে উচ্চারিত হয়েছিল, ‘আমরা জিততে চাই। সম্ভব হলে ২-০-তে সিরিজ জয়ই বা নয় কেন?’ মিরপুরে সেই পথের অর্ধেক পাড়ি দিয়ে ফেলল বাংলাদেশ।
তার আগে প্রথম টেস্টের শেষ অঙ্ক আরও একবার দেখাল, টেস্ট ক্রিকেটের পরতে পরতে ছড়িয়ে থাকে কত রোমাঞ্চ। ২২৮ রানে নাথান লায়ন ফিরে যাওয়ার পরও জয় অসম্ভব ছিল না অস্ট্রেলিয়ার। শেষ উইকেটে দরকার ছিল ৩৭ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের আশার সমান্তরালে তীরে এসে তরি ডোবার শঙ্কাও তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে কাঁপিয়ে দিচ্ছিল দুরু দুরু।
এক প্রান্ত থেকে টানা বল করে সাকিবের ততক্ষণে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট হয়ে গেছে। কিন্তু শেষ জুটিটাও তো ভাঙতে হবে! সে আশায় প্রায় ছাই ছিটিয়ে দিচ্ছিলেন প্যাট কামিন্স। মেহেদী হাসান মিরাজের এক ওভারেই মিড উইকেট দিয়ে দুটি ছক্কা পাঠিয়ে দিলেন গ্র্যান্ড স্ট্যান্ডে। ওই ওভারের ১৫ রান ব্যবধান কমিয়ে আনে অনেক। কিন্তু কামিন্স-হ্যাজলউডকে আবারও অস্বস্তি উপহার দিয়ে পরের ওভারটা মেডেন নিয়ে নেন সাকিব। সেটারই সুফল বোধ হয় এরপরের ওভারেই তাইজুলের জয়সূচক উইকেট তুলে নেওয়া।
দিনের প্রথম চ্যালেঞ্জ ছিল স্মিথ-ওয়ার্নারের জুটি ভাঙা। কিন্তু প্রথম ৫০ মিনিটে কোনো উইকেটই পড়েনি। উল্টো অস্ট্রেলিয়াই ওয়ার্নারের সেঞ্চুরি দিয়ে উদ্যাপন করল দিনের শুরুটা। টেস্টে ১৯তম হলেও উপমহাদেশে এটিই তাঁর প্রথম শতক। ১৩৫ বলে ১১২-মিরপুরের উইকেট ব্যাটিংবান্ধব না হলেও ওয়ার্নারের হয়ে একটু তো ‘পক্ষপাতমূলক’ আচরণ করেছেই। তারপরও অন্তত স্মিথকে ফিরিয়ে জুটিটা ভাঙা যেত দিনের ১১তম ওভারে। কিন্তু মিরাজের বলে মিড অনে দেওয়া স্মিথের ক্যাচ নিতে পারেননি তামিম। বল তাঁর হাতে লেগে চার।
তামিমের ক্যাচ ছাড়ার চড়া মূল্য দিতে হয়নি সাকিব পরের ওভারেই ওয়ার্নারকে ফিরিয়ে দেওয়ায়। এলবিডব্লুর সিদ্ধান্তে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অস্ট্রেলিয়ার ‘কান্ডারি’। এরপর তো ড্রেসিংরুমমুখী মিছিলটা চলতেই থাকল। মাত্র ৮৬ রানে পড়েছে শেষ ৮ উইকেট, যার চারটিই সাকিবের।
বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র সাকিবই এখন পর্যন্ত এক টেস্টে দুবার ১০ উইকেট নিলেন। কাল বাংলাদেশ দল যে ৪০.৫ ওভার বল করেছে, এক প্রান্ত থেকে তাঁর অর্ধেক, অর্থাৎ ২০ ওভার বল করেছেন তিনি একাই। ওয়ার্নারের পর স্মিথকে সহজ-সরল এক বলে কট বিহাইন্ড। ওয়েডকে এলবিডব্লুর ফাঁদে ফেলে নাচলেন অদ্ভুত ভঙ্গিতে। আর লাঞ্চের পর প্রথম বলেই ম্যাক্সওয়েলকে বোল্ড করে তুলে নেন টেস্টে নিজের ১৭তম পঞ্চম উইকেট।
বাংলাদেশের বড় অর্জনে সাকিবের স্পর্শ থাকাটাই এখন নিয়ম। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্মৃতিতে তামিম ইকবালের দুর্দান্ত দুটি ফিফটিও ছড়াবে উজ্জ্বল আভা। সঙ্গে প্রথম ইনিংসে মিরাজ আর দ্বিতীয় ইনিংসে তাইজুলের বোলিং, সৌম্যের কালকের দুটি অসাধারণ ক্যাচসহ আরও কতই না ছোট ছোট সাফল্যের যোগফলে এত বড় প্রাপ্তি! এই টেস্টের শেষটা হওয়া উচিত ছিল মঞ্চনাটকের শেষ দৃশ্যের মতো—পুরো বাংলাদেশ দলকে শেরেবাংলা স্টেডিয়ামের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে।
দ্বিতীয় টেস্টের আগে তাই আর দলে কোনো বদল আনতে চাননি নির্বাচকেরা। আজ এক দিন বিশ্রাম নিয়ে কাল প্রথম টেস্টের ১৪ জনই যাচ্ছেন চট্টগ্রাম। পরিবার-পরিজনহীন ঈদেও খেলোয়াড়দের উৎসবে খামতি পড়ার কথা নয়। অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে দেওয়ার আনন্দটা যে এখন সঙ্গী!
বাংলাদেশ: ২৬০ ও ২২১
অস্ট্রেলিয়া: ২১৭ ও ২৪৪
ফল: বাংলাদেশ ২০ রানে জয়ী