এবার অস্ট্রেলিয়ার দুর্গে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচি পরিবর্তন, ব্রিসবেনের বদলে অ্যাডিলেডে প্রথম টেস্ট, চোটের কারণে মহেন্দ্র সিং ধোনির ওই টেস্টে না-খেলা—সবকিছুই কি তবে ভারতের পক্ষে গেল? দ্বিতীয় টেস্ট শুরুর আগে আবহটা অন্তত সে রকমই। হ্যাঁ, অ্যাডিলেডে শেষ দিনের নাটকীয়তায় ৪৮ রানে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে থাকার পরও! কীভাবে?
প্রথাগতভাবে ব্রিসবেনে প্রথম টেস্ট হওয়া মানেই একেবারেই ভিন্ন এক কন্ডিশন থেকে এসে অস্ট্রেলিয়ান পেস আর বাউন্সের সামনে পড়া। তাতে খেই হারানোটাই সাধারণত ভারতের নিয়তি বলে মনে করা হয়। আর শুধু ভারত কেন, গ্যাবার দুর্গে যেকোনো প্রতিপক্ষের সঙ্গেই অস্ট্রেলিয়ার রেকর্ড দুর্দান্ত। এ মাঠে গত ২৬ বছরে কোনো টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ হার ১৯৮৮ সালের নভেম্বরে, ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজের কাছে। ভারতের মতো দলগুলো তাই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে গেলে তাকিয়ে থাকে অ্যাডিলেড টেস্টের দিকে। যেখানে ওরা অনেকটা নিজেদের মতো উইকেট পায়। এবার ঘটনাচক্রে সেটা আগে হয়ে গেছে। হ্যাঁ, অ্যাডিলেডেও হেরেছে ভারত, কিন্তু সে হার যত না লজ্জার তার চেয়ে বেশি আত্মবিশ্বাস-জাগানিয়া। বিরাট কোহলির দল যেভাবে কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, সেটা শেষ কবে আগের কোনো ভারতীয় দল করতে পেরেছে! ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কোহলি, অসাধারণ জোড়া সেঞ্চুরি করেছেন, তাতে ইয়ান চ্যাপেলরাও বলছেন, ধোনির বদলে এখন কোহলিকেই টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত। এমনকি ভারতীয় সংবাদমাধ্যমেও গুঞ্জন, চোট কাটিয়ে দলে এসে ধোনি আবার এই মানসিকতাটা বদলে দেবেন না তো? অ্যাডিলেড এতটাই বদলে দিয়েছে ভারতকে!
নেতৃত্বে বদল আসছে অস্ট্রেলিয়াতেও। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়া মাইকেল ক্লার্কের জায়গায় নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ স্টিভেন স্মিথকে। ক্লার্ককে হারানোর এই ধাক্কাটা ছাড়া অবশ্য অস্ট্রেলিয়া আছে ফুরফুরে মেজাজেই। গ্যাবার কিউরেটর কেভিন মিচেল এরই মধ্যে বলে দিয়েছেন, ‘বরাবরের মতোই ঘাসে ঢাকা উইকেট হবে।’ শুনে নিশ্চয়ই চোখ চকচক করছে মিচেল জনসনের? এ মাঠেই সর্বশেষ টেস্টে তাঁর সামনে অসহায় হয়ে পড়েছিল অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। ৯ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন জনসন। কাল থেকে শুরু টেস্টে জনসন-রায়ান হ্যারিসের সঙ্গে গতির ঝড় তুলতে পারেন জস হ্যাজেলউড কিংবা মিচেল স্টার্ক। ব্রিসবেন থেকে না হেরে ফিরতে পারলে সেটাই ভারতের জন্য স্বস্তিদায়ক হওয়ার কথা।
এ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টটাও কিন্তু প্রেরণাদায়ক হতে পারে ভারতের জন্য। ২০০৩ সালের ডিসেম্বরে সৌরভ গাঙ্গুলীর দুর্দান্ত ১৪৪ রানের সেই ইনিংসে টেস্ট ড্র করেছিল ভারত। ক্রিকইনফো, এএফপি।