এবার অ্যাশেজে ব্যর্থতার দায় মেটালেন ইংল্যান্ড কোচ

সরিয়ে দেওয়া হলো ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউডকেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ ব্যর্থতার দায় মেটাতে হচ্ছে ইংল্যান্ডকে। এবার অস্ট্রেলিয়াতে ভরাডুবির খেসারত দিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ক্রিস সিলভারউড। তাঁকে ছাড়তে হচ্ছে কোচের পদ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এসব খবর জানিয়েছে।

ইংল্যান্ডের পুরুষ জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে এক দিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে অ্যাশলি জাইলসকে। এর পরপরই পালা এল সিলভারউডের। ২০১৯ সালে জাতীয় দলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাইলস।

এবারের অ্যাশেজ সিরিজে ভয়াবহ ব্যর্থ ইংল্যান্ড ক্রিকেট দল। পাঁচ টেস্টের সিরিজ ৪-০ ব্যবধানে হেরে এসেছে অস্ট্রেলিয়া থেকে। সিরিজজুড়েই ইংলিশ ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। এ ছাড়া সব শেষ ১৪টি টেস্টে ইংল্যান্ড জিতেছে মাত্র একটিতে।

টেস্টে সিলভারউডের দল নির্বাচন নিয়ে সমালোচনার জন্ম হয়েছিল
ছবি: এএফপি

ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন পরের পদক্ষেপগুলোর কথা, ‘সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক পদে জাইলসের স্থলাভিষিক্ত করা হয়েছে। তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন কোচ খুঁজে বের করার। তিনি শিগগিরই এ ব্যাপারে কাজ শুরু করবেন।’

হ্যারিসন মনে করেন সিলভারউড ইংলিশ ক্রিকেট দলের কোচ হিসেবে সাফল্য পেতে সম্ভব সব কাজই করেছেন। তিনি নিজের সেরাটাই দিয়েছেন। তাঁর অধীনেই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। ইসিবি নির্বাহী সিলভারউডের কাজের প্রতি সততার ব্যাপারটিও তুলে ধরেছেন।

সাম্প্রতিক কালে নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন সিলভারউড। বিশেষ করে জাতীয় দলের নির্বাচক এডি স্মিথকে বরখাস্ত করার পর দল নির্বাচনের প্রক্রিয়াটা পুরোপুরি চলে আসে সিলভারউডের হাতে। অনেকেই মনে করেন জাতীয় দলের ব্যবস্থাপনা পরিচালক জাইলস এডি স্মিথের বরখাস্তের পেছনে কলকাঠি নেড়েছেন। নির্বাচন প্রক্রিয়া নিজের হাতে নিয়ে সিলভারউড ‘রোটেশন পদ্ধতি’তে দল নির্বাচন শুরু করেন, যেটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নিউজিল্যান্ড ও ভারতে গত বছর টেস্ট সিরিজ হারের পর থেকেই চাপের মুখে ছিলেন সিলভারউড। সেটি আরও বাড়ে অ্যাশেজের সময়।

অনেকটাই কঠিন সময় পার করছে ইংলিশ ক্রিকেট
ছবি: রয়টার্স

তিনি বিশ্রাম দিয়ে খেলোয়াড়দের খেলাচ্ছিলেন। তিনি এর কারণ হিসেবে দেখাচ্ছিলেন করোনাকালীন জৈব সুরক্ষাবলয়ের মানসিক চাপের ব্যাপারটি। কিন্তু ‘রোটেশন পদ্ধতি’র মধ্যেই তাঁর দল নির্বাচনের কিছু সিদ্ধান্ত ব্যাপক প্রশ্ন ও বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে অ্যাশেজের প্রথম টেস্টে (ব্রিসবেন) ইংল্যান্ড দল থেকে কেন ইতিহাসের সেরা দুই ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে বাদ দেওয়া হয়েছিল?

সিলভারউড একবার এই অ্যাশেজকে ‘স্প্রিন্ট নয় ম্যারাথন’ বলেছিলেন। অ্যাশেজে ১২ দিনের ব্যবধানে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর তাঁর এই মন্তব্য রীতিমতো কৌতুকে পরিণত হয়। অ্যাশেজের চতুর্থ টেস্টের আগেই কোভিডে আক্রান্ত হন সিলভারউড। সিডনির সে টেস্টে তিনি ছিলেন না। সেটিতেই ড্র করে অন্তত হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে রক্ষা পায় ইংলিশরা।

৪৬ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক পেসার সিলভারউড ২০১৮ সালে ইংল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন। সে সময় প্রধান কোচ ছিলেন ট্রেভর বেইলিস। তাঁর অধীন ২০১৯ বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ ড্র করতে সক্ষম হয় দল। অ্যাশেজ সিরিজের পরপরই বেইলিসের জায়গায় কোচ করা হয় সিলভারউডকে।

ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলি জাইলসকে সরিয়ে দেওয়া হয়েছে একদিন আগেই..
ছবি: রয়টার্স

কিন্তু তাঁর অধীনে টেস্টে ইংল্যান্ড কখনোই ভালো করেনি। অধিনায়ক জো রুটের দুর্দান্ত ফর্মের পরও টেস্টে ইংল্যান্ডের এই ব্যর্থতা নিয়ে সমালোচনা উঠছিল। অ্যাশেজের ব্যর্থতার পর সমালোচনাটা রীতিমতো সিলভারউডকে সরিয়ে দেওয়ার দাবিতে পরিণত হয়।

এখন স্ট্রাউস বসে ঠিক করবেন সিলভারউডের উত্তরসূরির নাম। এ ব্যাপারে কয়েকটি নাম উঠে আসছে। তাঁদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান ও ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন। সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টকেও কোচ করা হতে পারে। ইংলিশ টেস্ট দলের বেশ কয়েকজন তারকা কাউন্টি দল সারেতে স্টুয়ার্টের হাতেই গড়া। অস্ট্রেলিয়ান তারকা ও সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামও বলছে কোনো কোনো গণমাধ্যম।