এবার আইপিএলে মুস্তাফিজের দলের নতুন চ্যালেঞ্জ

১৭ ম্যাচে ২৩ উইকেট নিয়ে গত আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন ভুবনেশ্বর কুমার। শুধু ভুবনেশ্বর কেন, হায়দরাবাদকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তিন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, আশিস নেহরা ও বারিন্দার স্রানেরও। এবারের আইপিএল শুরুর আগে গত আসরের সাফল্য উৎসাহ দিচ্ছে ভুবনেশ্বরকে।
টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে আটকাতে ডেথ ওভারে বোলিংটা সব সময়ই গুরুত্বপূর্ণ। এ কাজটা যে গতবার দারুণভাবে করেছিল হায়দরাবাদ, বললেন ভুবনেশ্বর, ‘গত বছর আমাদের ব্যাটিং ও বোলিং আক্রমণ দুটিই ভালো ছিল। আমাদের ইতিবাচক দিকগুলো অন্যতম ছিল শেষ ওভারে বোলিং করা। টি-টোয়েন্টিতে যদি জিততে চান, আপনাকে শেষ চার কিংবা পাঁচ ওভারে দুর্দান্ত বোলিং করতে হবে। এটা আমরা ভালোভাবেই করেছিলাম। আমি নিজে, ফিজ (মোস্তাফিজ), (আশিস) নেহরা ও (বারিন্দার) স্রান শেষ দিকে ভালো বোলিং করেছিলাম।’
পুরোনো সুখস্মৃতি নিয়ে পড়ে থাকার সময় কোথায়? এরই মধ্যে আইপিএলের নতুন পর্ব শুরু হয়ে গেছে। প্রথম দিনেই হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মৌসুমে শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী ভুবনেশ্বর, ‘গতবার চ্যাম্পিয়ন হয়েছি বলে এই বছরটা খুব কঠিন হবে আমাদের। আমাদের কাছে অনেক প্রত্যাশা থাকবে। যদি সেরাটা দিতে না পারি, তার মানে এই নয় যে আমরা ভালো নয় কিংবা গতবার শিরোপা জেতাটা অঘটন ছিল। গতবারের পুনরাবৃত্তি করতে এবার আমাদের কিছু বাড়তি দায়িত্ব নিতে হবে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।