এবার আকরামও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন তো দেখা যাচ্ছে শহীদ আফ্রিদির দল তো দিন দিন ভারী হচ্ছে! পাকিস্তানের চেয়ে ভারতেই বেশি ভালোবাসা পান বলে সবাইকে চমকে দিয়েছেন আফ্রিদি। এরপর থেকেই তাঁর মুণ্ডুপাত চলছে। তবে পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়ক সানা মিরও কিন্তু নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির নামই নিয়েছেন! পাকিস্তান নারী দলের অধিকাংশ ক্রিকেটারের প্রিয় ক্রিকেটারও একজন ভারতীয়—বিরাট কোহলি। পাকিস্তানিদের এমন ভারত-বন্দনা এখানেই থামেনি, উল্টো ওয়াসিম আকরামও যোগ দিয়েছেন এই দলে। ভারতীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আকরাম জানালেন, ভারতীয়রা আসলেই পাকিস্তানি ক্রিকেটারদের ভালোবাসে। ১৯৯৯ সালে চেন্নাইয়ে ভারতকে হারানোর পরও দর্শকের তালি পেয়েছেন তাঁরা। এটি পাকিস্তানের ক্ষেত্রেও সত্য। পাকিস্তানেও ভারতীয় ক্রিকেটারদের ভক্ত অনেক। কোহলি বা ধোনিকে দেখার সুযোগ মিললে পাকিস্তানের মানুষ নাকি লাইন ধরে দাঁড়িয়ে যাবে। এমনকি রাস্তায় জ্যামেরও সৃষ্টি হতে পারে! এবার আকরামের মুণ্ডুপাত শুরু না হলেই হলো!