এবার আবেগ সরিয়ে আসল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন
গাজী আশরাফ হোসেন

বিশ্বকাপ শুরুর আগে লিখেছিলাম, আমাদের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। আমাদের খেলোয়াড়েরা তাদের নৈপুণ্য দিয়ে সে লক্ষ্য পূরণ করে মাথা উঁচু করেই দেশে ফিরছে। দলের অধিনায়ক, সব খেলোয়াড় ও কর্মকর্তাকে জানাই অভিনন্দন।
মেলবোর্নে প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ধন্যবাদজ্ঞাপন বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেছে, তার দলের আরও কিছু দেওয়ার ক্ষমতা ছিল। যখন সবাই দলের সাফল্যে তৃপ্ত তখন অধিনায়ক তার অতৃপ্তির কথা বলছে, এটাকে আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি।
বিশ্বকাপে আমাদের দলগত ও ব্যক্তিগত সফলতার জন্য অনেকেই খেলোয়াড়দের সংবর্ধনা দিতে চাইবেন। তবে বিসিবির উচিত হবে এটাকে খুব সীমিত রাখা। কারণ তারা দেশে ফিরছে প্রায় দুই মাসের সফর শেষে এবং কিছুদিনের মধ্যেই খেলতে হবে পাকিস্তান সিরিজ। মাঝের সময়টুকুর সেরা ব্যবহার খেলোয়াড়েরা করতে পারে পরিবারের সঙ্গে কাটিয়ে ও বিশ্রাম নিয়ে।
কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে দেশে ও দেশের বাইরে যে প্রতিবাদ ও বিতর্ক হচ্ছে, তা এখানেই শেষ হলে ভালো হয়। আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানানো এবং এ ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করার কাজটি বিসিবির ওপরই ছেড়ে উচিত। ভারতের বিপক্ষে ম্যাচে শুধু আম্পায়ারদের ভুলের সমালোচনা না করে খেলোয়াড়েরা যেসব ক্রিকেটীয় ভুল করল, সেগুলো ভবিষ্যতে শোধরানোর দিকেও দৃষ্টি দিতে হবে।
অস্ট্রেলিয়ায় আমাদের ছেলেরা অনুশীলন করেছে খুবই সীমিত সময়। ম্যাচ প্র্যাকটিসেরও যথেষ্ট সুযোগ পায়নি। তবু বেশির ভাগ খেলোয়াড় ওই কন্ডিশনে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নেমেই যেভাবে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তা প্রশংসার দাবিদার। তাসকিন ও রুবেলের বোলিং নতুন মাত্রা যোগ করেছে। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে বিশ্বকাপের শেষ পর্যন্ত সুস্থ থেকে মাশরাফি নিজেকে টেনে নিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে আশঙ্কা ছিল। কিন্তু সে তার একাগ্রতা ও নিষ্ঠা দিয়ে যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিল, তা আমার মন ছুঁয়ে গেছে।
নিজেদের পঞ্চম বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করলাম। পরবর্তী বিশ্বকাপে যদি অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখতে হয় তাহলে ধারাবাহিকভাবে ভালো খেলার মতো খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়াতে হবে। বোঝাপড়ার ব্যবধান কমাতে হবে নির্বাচকদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের। ঘরোয়া ক্রিকেট পঞ্জিকার প্রতিও আরও অনেক যত্নশীল হতে হবে। এই পঞ্জিকাটি আমরা কখনোই ঠিকভাবে বানাতে পারিনি বা পারলেও বিভিন্ন কারণে তা যথাযথ অনুসরণ করা হয়নি। আর এ কারণে একাডেমির প্রস্তুতি সব সময়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো দেশের সঙ্গেই আমরা দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারি না। এ মুহূর্তে তাই ঘরোয়া ক্রিকেটের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
ক্রিকেট সংগঠক থেকে শুরু করে ভক্ত-সমর্থক সবারই উপলব্ধি—ক্রিকেটীয় অবকাঠামোর কমবেশি উন্নয়ন প্রয়োজন সারা দেশেই। আমি তো মনে করি, আমাদের ভিশন-২০২১-এ এখন ক্রিকেটটাকেও সম্পৃক্ত করা উচিত। সরকারকে পাশে না পেলে বিসিবির একার পক্ষে ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয়। মাশরাফিদের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ এ ক্ষেত্রে আমাকে আশাবাদী করছে। বিসিবির উচিত হবে ক্রিকেট উন্নয়নে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্রুতই প্রধানমন্ত্রীর দপ্তরে হাজির হওয়া।
শুধু আবেগের ঝড় তুলে লড়াই জেতা যায় না। প্রতিপক্ষকে হারাতে হবে মাঠের লড়াইয়ে। আর সে জন্য পরিকল্পনা দরকার মাঠ এবং মাঠের বাইরেও।