এবার আমরাই ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার পথে সাকিব। রওনা হওয়ার আগে কাল বাসায় কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে l ছবি: ফেসবুক
কলকাতার পথে সাকিব। রওনা হওয়ার আগে কাল বাসায় কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে l ছবি: ফেসবুক

বাংলাদেশ-ভারত ম্যাচের বিতর্কের রেশ রয়ে গেছে এখনো। নতুন মাত্রা যোগ করে আইসিসির সভাপতি পদ থেকে আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও শেষ হচ্ছে না যেন বাংলাদেশে। ফিরে ফিরে আসছে বারবার।
বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য এসবের বাইরেই। বিশ্বকাপের ‘বিশ্বযুদ্ধ’ শেষে সবাই একান্ত সময় কাটাচ্ছেন পরিবার-পরিজনের সঙ্গে। ১২ এপ্রিল পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হওয়ার আগ পর্যন্ত ছুটি সবারই। তবে একজনের অবসর শেষ গতকালই। দেশের সীমানা ছাড়িয়ে যিনি প্রতিনিধিত্ব করেন ক্রিকেট বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাব-ফ্র্যাঞ্চাইজিতে। আসছে ৮ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের অষ্টম আসর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য গতকালই ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান।
যাচ্ছেন অবশ্য মাত্রই দিন দশেকের জন্য, খেলবেন দুটি মাত্র ম্যাচ। পাকিস্তান সিরিজে যে তাঁকে চাই বাংলাদেশ দলের! সাকিবের ভাবনাতেও তাই পাকিস্তান। কাল কলকাতায় রওনা হওয়ার আগে ঢাকার বনানীর বাসায় বললেন, ‘কাল থেকেই (আজ) অনুশীলন শুরু করব দলের সঙ্গে, খেলব তো মাত্র দুটি ম্যাচ। পাকিস্তান সিরিজ অবশ্যই মাথায় থাকবে। ওই দুটি ম্যাচ যদি আমি খেলি এবং ভালো করতে পারি, অবশ্যই আত্মবিশ্বাসটা পাকিস্তান সিরিজে কাজে লাগবে।’
পাকিস্তানের বিপক্ষে দারুণ সব সুখের স্মৃতি আছে সাকিবের। দুই দলের সর্বশেষ টেস্টে (২০১১, ডিসেম্বরে মিরপুরে) ক্যারিয়ার-সেরা ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব, বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট। ওই পারফরম্যান্সই তাঁকে প্রথমবার তুলে দিয়েছিল টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে। টি-টোয়েন্টিতেও ক্যারিয়ার-সেরা ৮৪ রানের ইনিংস পাকিস্তানের বিপক্ষে, ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পাকিস্তানে গিয়ে। কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্স পাকিস্তানের বিপক্ষে সাকিবের ঠিক উল্টো। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর একমাত্র এই দলটিকেই কোনো ধরনের ক্রিকেটে হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু এই বাস্তবতাকে দূরে সরিয়ে দিয়ে সাকিবের এবার বিশ্বাস, ‘আমার কাছে তো মনে হয়, এবারের সিরিজে আমরাই ফেবারিট! ওয়ানডে সিরিজ তো আমাদেরই জেতা উচিত। আমি বিশ্বাস করি, গোটা দলও বিশ্বাস করে। পাকিস্তানের বিপক্ষে জয়ের সেরা সময় এটিই।’
কেন এটিই সেরা সময়, সেটা বুঝতে নিশ্চয়ই গবেষণা করতে হবে না! বিশ্বকাপে দারুণ খেলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সাকিবের ধারণা, ওই আত্মবিশ্বাসই হবে সাফল্যের সিঁড়ি। দলের জন্য স্মরণীয় বিশ্বকাপ অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙাতে পারেননি সাকিব। ৬ ম্যাচে ৩৯.২০ গড়ে ১৯৬ রান ও ৮ উইকেট হয়তো খুব খারাপ কিছু নয়। তবে সবচেয়ে বড় তারকার কাছে দলের যা প্রত্যাশা, সেটি মেটাতে পারেননি। তাঁর নিজের উপলব্ধিও একই রকম, ‘ভালোর তো শেষ নেই। যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিলাম, সেভাবে শেষ করতে পারিনি। শেষটা ভালো করতে পারলে ভালো হতো। এমনিতে সাফল্য যতটুকু পেয়েছি, কম নয়। তবে নিজের কাছে যে প্রত্যাশা, তাতে আরেকটু ভালো করা উচিত ছিল।’
পেছনে তাকাতে চান না সাকিব। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বিতর্ক চালিয়ে যাওয়ারও যেমন কোনো মানে খুঁজে পাচ্ছেন না, ‘আম্পায়াররা ভুল করেই থাকেন। বিশ্বকাপ বলেই বেশি চোখে পড়ছে। এর আগেও তো এসব অনেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে। অনেক ম্যাচই আছে, কিছু সিদ্ধান্ত পক্ষে এলে আমরা জিততাম। এমন হতেই পারে। এসব নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া দেখানোর কিছু দেখছি না। ইংল্যান্ড ম্যাচের কথাই ধরুন, জর্ডানের ওই রানআউট না দিলেও পারত। ওই সিদ্ধান্ত তো আমাদের পক্ষে এসেছে। মানুষ ভুল করতেই পারে। এসব নিয়ে বেশি কথা বলা উচিত নয়।’
মুখে নয়, সাকিব উন্মুখ হয়ে আছেন মাঠের পারফরম্যান্সের জবাব দিতে, ‘আমাদের জন্য এ বছরটি খুব গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে বিশ্বকাপ হবে ১০ দলের। র্যাঙ্কিংয়ে ওপরে উঠতে হবে আমাদের। বড় দলগুলোর বিপক্ষে জিতলে বেশি পয়েন্ট পাব। সেরা আটের মধ্যে থাকতে হবে আমাদের, সরাসরি বিশ্বকাপ খেলতে চাই আমরা। চেষ্টা করতে হবে তাই যত বেশি সম্ভব ম্যাচ জয়। এখন থেকেই আমাদের মাথায় থাকবে ২০১৯ বিশ্বকাপ।
৮ এপ্রিল উদ্বোধনী দিনেই ইডেনে সাকিবের কলকাতা খেলবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। ১১ এপ্রিল ইডেনেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষ হওয়ার কথা ১০ মে। প্রাথমিক পর্বে তখনো দুটি ম্যাচ বাকি থাকবে কলকাতার। দল চাইলে তখন আবার খেলতে যেতে পারেন সাকিব।