এবার আমলা রান করতে চান

হাশিম আমলার ওয়ানডে ক্যারিয়ারটা কী দুর্দান্ত! ১৫০ ম্যাচে ২৪টি সেঞ্চুরি নিয়ে ৫০.২১ গড়ে ৬৮৮০ রান। ওয়ানডে ইতিহাসে দ্রুততম সময়ে দুই হাজার (৪০ ইনিংস), তিন হাজার (৫৭ ইনিংস), চার হাজার (৮১ ইনিংস) ও পাঁচ হাজার (১০১ ইনিংস) রানের মাইলফলকগুলোও পেরিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। এবার চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ নিয়ে অন্য রকম একটা পরিসংখ্যান। ২১ ম্যাচে ৮০৬ রান, গড় ৩৮.৩৮। সেঞ্চুরি মাত্র দুটি। ব্যাটসম্যান হাশিম আমলা! শুধু চ্যাম্পিয়নস ট্রফি দেখলে ধন্দে পড়ে যাবেন, রেকর্ডটা আমলার, না কোনো লোয়ার অর্ডার ব্যাটসম্যানের! ৬ ম্যাচে ১৬৭ রান। গড় ২৭.৮৩!
আর নয় দিন পর ইংল্যান্ডে শুরু হচ্ছে আরেকটি চ্যাম্পিয়নস ট্রফি। আমলার রেকর্ড নিয়ে টানাটানিও এই কারণেই। এটিই হতে পারে ৩৪ বয়সী ব্যাটসম্যানের শেষ চ্যাম্পিয়নস ট্রফি। রেকর্ডটাকে একটু ভদ্রস্থ করে রাখার শেষ সুযোগই হয়তো এবার।
চ্যাম্পিয়নস ট্রফির আগে তিন ওয়ানডের সিরিজ খেলতে এরই মধ্যে দলের সঙ্গে ইংল্যান্ডে এসেছেন আমলা। তবে সপ্তাহখানেক আগে ডারবানে নিজের নামে ‘দ্য হাশিম আমলা একাডেমি অ্যান্ড ফাউন্ডেশনে’র উদ্বোধনী অনুষ্ঠানেই আইসিসির টুর্নামেন্টে নিজের ফর্ম নিয়ে কথা বলেছেন প্রোটিয়া ওপেনার। ইনডিপেনডেন্ট মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছেন, ‘বড় টুর্নামেন্টগুলোয় যেমন চেয়েছিলাম, সেভাবে রান করতে পারিনি। বিশ্বকাপে দু-একটা বড় স্কোর ছিল, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে জয় দিয়ে শুরু করতে পারলে ভালো লাগবে। টুর্নামেন্টটা ছোট, দ্রুত শেষ হয়ে যায়। এখানে ভালো শুরু করতে পারলে যেকোনো কিছুই সম্ভব।’
ফাইনাল পর্যন্ত গেলে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে একটা দল ম্যাচ পাবে পাঁচটি। প্রোটিয়ারা নিশ্চয়ই চাইবে, পাঁচটি ম্যাচেই অন্তত ফিফটি পান আমলা! কেন? পরিসংখ্যানটা হতশ্রী হলেও বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে একটা মজার রেকর্ডও আছে আমলার—তিনি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন এমন ম্যাচে কখনো দল হারেনি। সে হিসাবে পাঁচ ম্যাচেই আমলার ফিফটি মানে তো দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন!
‘দক্ষিণ আফ্রিকা’ আর ‘চ্যাম্পিয়ন’—শব্দগুলো একসঙ্গে! আইসিসির টুর্নামেন্ট বলেই এটিকে কষ্টকল্পনা বলতে হবে। হ্যাঁ, ১৯৯৮ চ্যাম্পিয়নস ট্রফিতে (তখন নাম ছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ) চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা, এখন পর্যন্ত তাঁদের একমাত্র আইসিসির টুর্নামেন্ট জয়। কিন্তু এর বাইরে বৈশ্বিক টুর্নামেন্টে তাদের পরিচয় তো ‘চোকার’!
র্যা ঙ্কিং-শ্রেষ্ঠ প্রোটিয়ারা এবার চিত্রনাট্যটা বদলানোর স্বপ্ন দেখছে। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলার চোখেও ভাসছে সেই স্বপ্ন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে সব সময়ই ভালো দল ছিল আমাদের। তবে এই দলটা কয়েক বছর ধরে একসঙ্গে খেলছে, ভালো অবস্থায়ও আছে।’ নিজে আছেন দুর্দান্ত ফর্মে। আইপিএলেই কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে দুটি সেঞ্চুরিসহ ১০ ম্যাচে করেছেন ৪২০ রান।
ওভালের মাঠটাও অনুপ্রাণিত করছে আমলাকে। গ্রুপ পর্বে প্রোটিয়াদের তিন ম্যাচের দুটির এবং ফাইনালের ভেন্যু ওভাল। এই মাঠেই দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ট্রিপল সেঞ্চুরিটি (৩১১, ২০১২ সালে) করেছেন আমলা। ওভাল তাঁর খুব চেনা, ‘ওভালে আমরা কিছু ম্যাচ জিতেছি, কিছু হেরেছি। এখানে ভালো কিছু স্মৃতি আছে আমার। শুধু ওই তিন শর জন্য নয়, (কাউন্টিতে) সারের হয়ে এখানে কিছু ম্যাচও খেলেছি।’
দক্ষিণ আফ্রিকাকে স্বপ্ন দেখায় আমলার সঙ্গে কুইন্টন ডি ককের ওপেনিং জুটিও। ৭০ ইনিংসে দুজনের জুটিতে এসেছে ৩০৩৮ রান, দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসেই এর চেয়ে বেশি রান এসেছে শুধু দুটি জুটিতে (গিবস-স্মিথ ও গিবস-ক্যালিস)। আমলার কাছে এই সাফল্যের বিশেষ কোনো রহস্য নেই, ‘কিছু ব্যাপারে আমাদের বেশ মিল আছে, কোনো কিছুতে ভড়কে যাই না। পিচে অন্য যেকোনো ওপেনিং জুটির মতো খুব সাধারণ বিষয়েই কথা বলি, যেমন পিচের অবস্থা ইত্যাদি। পিচটা আমরা কতটা বুঝতে পারি, সেটা অবশ্য ইংল্যান্ডে খুব কাজে দেবে।’ দক্ষিণ আফ্রিকা স্বপ্নের একটা ভিত্তিও সেটি—ডি কক-আমলাদের ব্যাট! ইনডিপেনডেন্ট মিডিয়া।