এবার আমিরের মাঠে নামার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ফেরার অপেক্ষায় আমির। ছবি: এএফপি
মাঠে ফেরার অপেক্ষায় আমির। ছবি: এএফপি

কদিন আগেই ঘরোয়া ক্রিকেটে খেলতে মোহাম্মদ আমিরকে ছাড়পত্র দিয়েছে আইসিসি। যদিও সব ধরনের ক্রিকেটে ফেরার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে এ বছরের সেপ্টেম্বর অবধি। তবে ঘরোয়া ক্রিকেট খেলতে আমির এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন করাচিভিত্তিক দল ওমর অ্যাসোসিয়েটসের সঙ্গে।
আমিরকে আপাতত শুরু করতে হচ্ছে দ্বিতীয় শ্রেণির ক্রিকেট দিয়েই। গ্রেড-২ সারির এ ঘরোয়া টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ মার্চ থেকে। সব ঠিক থাকলে এ টুর্নামেন্টে ওমর অ্যাসোসিয়েটসের হয়ে বল হাতে মাঠ কাঁপাবেন তিনি।
ওমর অ্যাসোসিয়েটসের প্রধান নাদিম ওমর বলেন, ‘আমরা গ্রেড-২ টুর্নামেন্টটি খেলার জন্য আমিরের সঙ্গে চুক্তি করেছি। জীবন ও ক্যারিয়ারে সবাই দ্বিতীয়বার সুযোগ পেতেই পারে।’ তিনি জানান, আইসিসি ও পিসিবি থেকে প্রয়োজনীয় সব রকম ছাড়পত্র পাওয়ার পরেই আমিরকে চুক্তিবদ্ধ করা হয়েছে।
গত বছর নভেম্বরে তাঁর হয়ে আইসিসির কাছে আবেদন করেছিল পিসিবি। তারই পরিপ্রেক্ষিতে এ সপ্তাহে দুবাইয়ে বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দেয়, ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছে ২২ বছর বয়সী এ পেসারকে।
২০১০ সালে স্পট ফিক্সিং করে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ আমির। এ নিষেধাজ্ঞা শেষ হবে এ বছর সেপ্টেম্বরে। নিষিদ্ধ হওয়ার পরও লাহোর ও রাওয়ালপিন্ডির বেশ কিছু অনিবন্ধিত ক্লাব ও একাডেমিতে বেশ নিয়মিতই খেলতেন এত দিন। তবে গত সাড়ে চার বছরে এই প্রথম পাকিস্তানের কোনো জাতীয় টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন ১৪ টেস্টে ৫১ উইকেট শিকারি পাকিস্তানের বাঁহাতি এই ফাস্ট বোলার। তথ্যসূত্র: ক্রিকইনফো ও ডন।