এবার আমিরের হ্যাটট্রিক

আমির ফিরেছেন বহু আগেই। বিপিএল দিয়েই ছোঁয়া পেয়েছিলেন বহুজাতিক ক্রিকেটের। এরপর তো দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিউজিল্যান্ড সফরেই ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবুও নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ বলে পাকিস্তান সুপার লিগে নিজেকে প্রমাণ করার দায় ছিল মোহাম্মদ আমিরের। পিএসএলের প্রথম হ্যাটট্রিক করে সেটাও সেরে নিলেন এই বাঁহাতি পেসার।
করাচি কিংসের হয়ে খুব ভালো বোলিং করেছেন সেটি বলা যাচ্ছে না। প্রথম ৩ ওভারে ২৪ রান দিয়ে ফেলেছিলেন, কোনো উইকেটও পাননি ওই সময়ে। নিজের শেষ ওভারেই আমির স্বমূর্তিতে ফিরলেন। উনিশতম ওভারের দ্বিতীয় বলে ডোয়াইন ব্রাভোকে বোল্ড করে পেলেন প্রথম উইকেট। পরের বলে জোহাইব খান স্কুপ করতে গিয়ে ধরা পরলেন কিপারের হাতে। হ্যাটট্রিকের বলটি খেলতে এলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কেভন কুপার। কিন্তু আমিরের ওই বল খেলতেই পারলেন না কুপার। এলবিডব্লু হয়ে কুপার ফিরলেন ড্রেসিং রুমে, আর সেই সঙ্গে দেখা মিলল পিএসএলের প্রথম হ্যাটট্রিকের।
আমিরের এই হ্যাটট্রিকেই শেষ দিকে রান তুলতে পারেনি লাহোর কালান্দার্স। ২০ ওভারে ১২৫ রান করেই থেমেছে তারা।