এবার আম্পায়ার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুর শোকে এখনো ডুবে আছে ক্রিকেট-বিশ্ব। এরই মধ্যে আরেকটি মৃত্যুর সাক্ষী হলো ক্রিকেট মাঠ! এবার দুর্ঘটনার শিকার ইসরায়েল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আম্পায়ার হিলেল অস্কার। ৫৫ বছর বয়সী অস্কার ইসরায়েলের আশদদ শহরে ঘরোয়া লিগের একটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন। সে সময় ব্যাটসম্যানের শটে বল ছুটে এসে লাগে তাঁর মুখে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, ঠিক সরাসরি বলের আঘাতে মৃত্যু হয়নি অস্কারের। চোট পাওয়ার পর হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয় অস্কারকে। কিন্তু চিকিৎসকেরা বাঁচাতে পারেননি তাঁকে।
পরশু এ দুর্ঘটনা ঘটে ইসরায়েলের জাতীয় লিগে মৌসুমের শেষ ম্যাচে। ম্যাচের শুরুতেই প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের সম্মানে এক মিনিট নীরবতাও পালন করা হয়েছিল।
ইসরায়েল ক্রিকেট সংস্থার (আইসিএ) প্রধান নাওর গুডকার বলেছেন, ‘আমরা ভীষণ মর্মাহত। একটা বল তাঁর দিকে ছুটে যাচ্ছিল, তিনি সেটা এড়ানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু পারেননি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
খেলোয়াড়ি জীবনে বাঁহাতি স্পিন করতেন, ছিলেন হার্ড হিটিং টপ অর্ডার ব্যাটসম্যানও। আশদদ ‘এ’ দলের হয়ে ২৪৪ রানের অপরাজিত একটা ইনিংস আছে তাঁর। যেটি স্থানীয় লিগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। দেশের হয়ে ১৯৮২ সাল থেকে পাঁচটি আইসিসি ট্রফিতে খেলেছেন অস্কার। ব্যবসা প্রশাসনে ডিগ্রিধারী অস্কার খেলা ছেড়ে বেছে নিয়েছিলেন আম্পায়ারিং। কিন্তু সেই আম্পায়ারিংই কাল হলো। এএফপি।