এবার আর সেঞ্চুরি ফেলে আসা নয়

ড্রেসিংরুমের পাশে বসে আক্ষেপ করছিলেন মাশরাফি, ‘ও তো বাঁধা সেঞ্চুরিটা ফেলে দিয়ে এল!’ আর ১৮ রান হলেই হতো তিন অঙ্কের সেই জাদুকরি সংখ্যা। বাংলাদেশের শততম টেস্টে তাঁর নামের পাশেও লেখা থাকত সেঞ্চুরি। ১৯ মার্চ পি সারা ওভালে ফেলে আসা সেই সেঞ্চুরিটা তামিম ইকবাল তুলে নিলেন কাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টানা দ্বিতীয় সেঞ্চুরিটি তাঁর সাকল্যে অষ্টম।
পি সারা ওভালের কথাটা বেশ প্রাসঙ্গিক। কাল মনে হলো পি সারার অসমাপ্ত কাজটি শেষ করার লক্ষ্যেই নেমেছেন তামিম। স্কোরবোর্ড প্রান্ত থেকে সুরঙ্গা লাকমলের করা দিনের তৃতীয় বলটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে নিয়েছিলেন ২ রান। স্কোরবোর্ডটারও টিক টিক করে চলতে থাকা সেই সুবাদে। কিন্তু তামিম তো আর জানতেন না, এই স্কোরিং শটই তাঁর মাথায় আরেকটি মুকুট পরিয়ে দিয়েছে। তামিম এখন ১০ হাজারি রান ক্লাবের গর্বিত সদস্য। তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এ ক্ষেত্রেও দেশের অগ্রপথিক। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৯৯৯৯ রান নিয়ে শুরু করেছিলেন। একটা রান হলেই ওই মাইলফলকটা ছোঁয়া হতো। শুধু ছুঁলেনই না, শ্রীলঙ্কান বোলারদের ক্লান্ত করে তুলে আরও ১২৬ রান বেশি করলেন বাঁহাতি ওপেনার।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মালিক অবশ্য আরও ৭৪ জন আছেন। তাতে কী? বাংলাদেশের হয়ে চূড়াটা তো ছুঁলেন প্রথম!
মাঠে নামার আগে তামিম নিশ্চয়ই টেস্টের ৩৬৭৭, ওয়ানডের ৫১২০ আর টি-টোয়েন্টির ১২০২ রান যোগ করে দেখেননি। তাই সামান্যতম উদ্যাপন না হওয়ার কারণটা বোঝা গেল। কিন্তু সেঞ্চুরির উদ্যাপনও তো একটু নিরাবেগ হলো। লাহিরু কুমারার ৪৩তম ওভারের দ্বিতীয় বলটি ফাইন লেগে ঠেলে তামিম হেলমেটটা খুললেন দেরিতেই। ক্রিজে সঙ্গী সাকিব এগিয়ে এলেন তাঁর দিকে। দুই বন্ধু আলিঙ্গনাবদ্ধ হলেন। ৯৮ রানে পৌঁছাতেই অবশ্য ড্রেসিংরুমে একগুচ্ছ হাত তৈরি ছিল। সতীর্থরা উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। সংক্রমণ হলো গ্যালারিতেও।
তামিম সব সময়ই বলেন, যেকোনো সিরিজই সেঞ্চুরি দিয়ে শুরু করার ইচ্ছেটা সুপ্ত থাকে তাঁর। তবে মুখে যখন বলেন, সেখানে চলে আসে প্রক্রিয়ার কথা। ঠিকঠাক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া। শট নির্বাচন, সেটির বাস্তবায়ন। টেস্ট সিরিজে প্রক্রিয়াটা ঠিকই ছিল, বাস্তবায়িত হয়নি। ওয়ানডে সিরিজের শুরুতেই হলো। ওপেনিং সঙ্গী আউট হওয়ার পর একটু চুপচাপ ছিলেন। তখন সাব্বিরের ব্যাট গর্জন করছিল। ১৮.১ ওভারে দলের রান যখন ১০০ হলো, তামিমের রান ৩৮, সাব্বিরের ৪৪! সাব্বির ৫৬ বলে ৫৪ রান করে আউট হওয়ার তিন বল পর মুশফিক ফিরতি ক্যাচ দিয়ে এলেন লক্ষ্মণ সান্দাকানকে। হাল ধরতে হতো তামিমকে। আর কীভাবেই না দলের ইনিংসটাকে পাল তুলে নিয়ে এলেন সুন্দর একটা জায়গায়। ধৈর্য, পরিমিত আগ্রাসন আর অঙ্কের হিসাবটাও মাথায় রেখে পরের ব্যাটসম্যানদের হাতে সঁপে এলেন দায়িত্ব।
দায়িত্ববোধের পরিচয় দিয়ে সাকিবের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছেন ১৪৪ রানের জুটি। যেটি মাত্রই ২৩.৪ ওভারের ফসল। আর তাতে তামিমের অবদান ৬৬, সাকিবের ৭২। যেকোনো সঙ্গীকেই এগিয়ে থাকতে দেখাটা তামিমের প্রায় সময়ই না পছন্দের। কিন্তু দুটি জুটিতে তিনি এগিয়ে থাকতে দিলেন সঙ্গীকে। তার মানে এখানে ঝড় তোলার মধ্যেই সার্থকতা খোঁজেননি। তিনি চেয়েছিলেন এমন একটা রান আসুক, যেখান থেকে দলকে অনেক নিরাপদ মনে হয়।
৪৮তম ওভারের চতুর্থ বলে লাহিরু কুমারাকে মেরেছেন একমাত্র ছক্কাটি। পরের বলটি আবারও তুলে মারতে গিয়ে ডিপ মিডঅনে ক্যাচ। এই ছক্কাতেই অবশ্য এই মাঠের রেকর্ড গড়েছেন। পাকিস্তানের শহীদ আফ্রিদির ১২৪ রান ছাপিয়ে তামিমের ১২৭ রানই এখন ডাম্বুলা স্টেডিয়ামের সর্বোচ্চ ইনিংস। নিখুঁত এই ইনিংস গড়তে ১৪২ বল খেলেছেন, ওই ছক্কার সঙ্গে মেরেছেন ঝকমকে ১৫টি চার।
আফ্রিদির একটা রেকর্ড ভাঙা মানে সাত বছর আগের এক যন্ত্রণায় একটু উপশম। আফ্রিদির ১২৪ নিয়ে ৩৮৫ করে পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছিল ১৩৯ রানে। এই সেঞ্চুরিটা জয়ের মোহনায় পৌঁছে গেলে যন্ত্রণাটা কমবে আরেকটু। ৩২৪—ডাম্বুলার দ্বিতীয় সর্বোচ্চ। স্কোরটাকে যথেষ্টই নিরাপদ দেখায়। জয় ছাড়া তামিমের আলো ছড়ানো ইনিংসটির যথার্থ উপহার আর কিছু হয় না!
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ২৬৭ ৩১১ ১০১২৬ ২০৬ ৩৩.৫২ ১৭/৬০
সাকিব আল হাসান ২৭৩ ৩০৮ ৯৩৬০ ২১৭ ৩৪.৭৯ ১১/৬০
মুশফিকুর রহিম ২৭৭ ৩০২ ৮০৮৭ ২০০ ৩০.৮৬ ৯/৪১
মোহাম্মদ আশরাফুল ২৫৯ ৩১০ ৬৬৫৫ ১৯০ ২২.৭৯ ৯/৩০
মাহমুদউল্লাহ ২২৪ ২২৯ ৫৪৫৫ ১২৮* ২৯.৩২ ৩/৩২