এবার আশার সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে যে দুবার দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সফরে গেছে বাংলাদেশ, কোনোটিতেই আনন্দদায়ী স্মৃতি নেই। ২০০২ সালের অক্টোবরে তিন ওয়ানডে ও দুই টেস্ট—প্রতিটিতেই হারের লজ্জা নিয়ে ফিরেছে বাংলাদেশ। ২০০৮ সালের সফরটাও হয়েছে ভুলে যাওয়ার মতো। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে জয় জিনিসটা কী, সেটি কখনো দেখতে পায়নি বাংলাদেশ।

নয় বছর পর বাংলাদেশের সামনে আরেকটি দক্ষিণ আফ্রিকা সফর। প্রোটিয়াদের বিপক্ষে এবারও অগ্নিপরীক্ষা দিতে হবে মুশফিকদের। তবে এবার আশা দেখছেন মিনহাজুল আবেদীন। বিসিবির প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার বলছেন, নয় বছর আগের বাংলাদেশের সঙ্গে এই বাংলাদেশকে মেলানো যাবে না। মিনহাজুলের আশার ভিত্তি গত তিন বছরে বাংলাদেশের সাফল্য। দেশের মাঠে ধারাবাহিক ভালো খেলছেন মুশফিকরা। বিদেশেও যে বাংলাদেশ সাফল্যের পতাকা ওড়াতে পারে, সেটি দেখা গেছে গত মার্চে শ্রীলঙ্কায়। দেখা গেছে মে মাসে আয়ারল্যান্ডে, জুনে ইংল্যান্ডে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে।

মিনহাজুল তাই আশাবাদী, নয় বছর আগের ব্যর্থতার গল্পের পুনরাবৃত্তি হবে না, ‘বাংলাদেশ দল এখন অনেক পরিণত, অনেক বেশি টেস্ট খেলেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিও অনেক খেলছে। বর্তমান দলের খেলোয়াড়দের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি গত কয়েক বছরে। গত এক বছরে টেস্টে বাংলাদেশ যেভাবে ধারাবাহিক ভালো খেলছে আমরা আত্মবিশ্বাসী, এবার ভালো করবে।’

মিনহাজুল আশাবাদী, আবার এটাও জানেন কন্ডিশন-উইকেট বিবেচনায় দক্ষিণ আফ্রিকা সফর কতটা কঠিন। এর মধ্যে আবার সাকিব আল হাসান নেই। টানা ক্রিকেট খেলার ক্লান্তি ঘোচাতে বিশ্বসেরা অলরাউন্ডার টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন। সাকিবের না থাকাটা দলে কতটা প্রভাব ফেলতে পারে তাঁর সতীর্থরাও সেটি জানেন। বাঁহাতি ওপেনার সৌম্য সরকার পরশু যেমন বলেছেন, ‘ড্রেসিংরুমে সাকিব ভাইয়ের কথার অনেক গুরুত্ব। ক্রিকেটে নামটা অনেক বড় বিষয়। সাকিব ভাই যখন বোলিং করে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তাঁকে ভীষণ সমীহ করে।’

সাকিবের অনুপস্থিতি দলে অনুভূত হবেই। তবে এটিকে দলের উজ্জীবিত হওয়ার উপায় হিসেবেও দেখতে চাইছেন মিনহাজুল, ‘খেলোয়াড়দের মধ্যে এই উদ্দীপনা অবশ্যই আসবে যে ঘাটতিটা (সাকিবের না থাকা) যেন পুষিয়ে নিতে পারি। খেলোয়াড়েরা যথেষ্ট আত্মবিশ্বাসী। ভালো ক্রিকেট খেলতে তারা উন্মুখ।’

দক্ষিণ আফ্রিকার বাউন্সি আর দ্রুতগতির উইকেটের কথা ভেবে টেস্ট দলে রাখা হয়েছে পাঁচ পেসার। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) বোলিং কোচ চম্পকা রমানায়েকে মনে করেন দক্ষিণ আফ্রিকায় পেসাররা ভালোই করবেন, ‘ফাস্ট বোলাররা সেখানে বোলিংটা উপভোগ করবে। তাদের যথেষ্ট প্যাশন আছে। লাইন-লেংথের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে উইকেট পাবে।’

দক্ষিণ আফ্রিকা এখনো এই টেস্ট সিরিজের দল ঘোষণা করেনি। তবে কাল জানা গেছে বিধ্বংসী ফাস্ট বোলার ডেল স্টেইনের থাকার সম্ভাবনা নেই। টেস্টে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য পেস আক্রমণ হতে পারে মরনে মরকেল, কাগিসো রাবাদা ও ভারনন ফিল্যান্ডারকে নিয়ে। তবে প্রোটিয়া পেসারদের সঙ্গে তুলনায় মোস্তাফিজ-রুবেলদের একেবারেই পিছিয়ে রাখছেন না মিনহাজুল, ‘আমাদের পেসাররা বিশ্বমানের। অন্য দলের যারা আছে তাদের কাছাকাছিই ওরা। তবে অভিজ্ঞতার পার্থক্য আছে। এখন যত খেলবে তাদের অভিজ্ঞতা তত বাড়বে। দেখেন এবার কেমন করে। আমার বিশ্বাস, ভালো করবে।’