এবার আসবে শিরোপা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ম্যাচ শেষেও এই হাসিটাই ধরে রাখতে চাইবেন মাশরাফি-মুশফিকরা। ফাইনালের আগে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের গা-গরমের দৌড় l ছবি: প্রথম আলো
আজ ম্যাচ শেষেও এই হাসিটাই ধরে রাখতে চাইবেন মাশরাফি-মুশফিকরা। ফাইনালের আগে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের গা-গরমের দৌড় l ছবি: প্রথম আলো

আবারও ফাইনাল। আবারও শিরোপার হাতছানি। আবারও কি...!
অতীতের অভিজ্ঞতা থেকে তৃতীয় বাক্যে প্রকাশিত শঙ্কাটাও জেগে ওঠে। ওয়ানডেতে বাংলাদেশ এর আগে দুবার ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পায়নি। ২০১২ এশিয়া কাপে তীরে এসে ডুবেছিল তরি। সাকিব-মুশফিকদের কান্নায় ভেসে গিয়ে পাকিস্তানের কাছে মাত্র ২ রানের হার। ২০০৯ ত্রিদেশীয় সিরিজে ২ উইকেটে হারতে হয়েছিল শ্রীলঙ্কার কাছেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রকেট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজও সেই শ্রীলঙ্কারই মুখোমুখি বাংলাদেশ। এবার কি চ্যাম্পিয়নের ট্রফিটা উঁচিয়ে ধরতে পারবে মাশরাফির দল? 

ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলা বলে আশাবাদী হওয়াই যায়। কিন্তু পরশু লিগ পর্বের শেষ ম্যাচে এই শ্রীলঙ্কার কাছেই ১০ উইকেটের লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। সেই ধাক্কা আজ চাপ হয়ে বসবে না তো দলটির ওপর?
মিরপুরে কাল সংবাদ সম্মেলনে যে কয়বার এসব প্রসঙ্গ উঠল, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলে দিলেন, কোনো নেতিবাচক চিন্তা দলের মাথায় নেই। ফাইনাল খেলতে হবে ইতিবাচক মানসিকতা নিয়ে। এমনকি শেরেবাংলা স্টেডিয়ামে খেলা আগের দুটি ফাইনালের হতাশাও মনে আনতে চান না। ওই দুটি ফাইনালেই দলে ছিলেন মাশরাফি। প্রসঙ্গটি উঠতেই অধিনায়ক বলেন, ‘এটা আসলে আমার মাথায় ছিল না। মনে না করালেই পারতেন।’
অতীতের দুঃখগাথা ভুলে আজকের ফাইনালকে মাশরাফি নিচ্ছেন নতুন একটা সুযোগ হিসেবে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। অধিনায়ক বলছিলেন, ‘প্রত্যেকটি মানুষের জন্যই নতুন সুযোগ আসে। আমি হয়তো দুটি ফাইনালে ছিলাম। মুশফিক ছিল, সাকিব-তামিমও ছিল হয়তোবা। কিন্তু কাল (আজ) সম্পূর্ণ নতুন একটা ম্যাচ। আগের ম্যাচগুলো নিয়ে ভাবার দরকার মনে করছি না।’
শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমালের দর্শন ভিন্ন। তিনি ফাইনালের ফলাফল নিয়েই ভাবতে রাজি নন! সংবাদ সম্মেলনে বেশ কয়েকবারই বললেন, ‘ভালো খেলাটাই আমাদের লক্ষ্য।’ সেই ‘ভালো খেলা’র কাঙ্ক্ষিত ফল অবশ্যই জয়। কিন্তু মুখ ফুটে সেটি একবারও বলেননি লঙ্কান অধিনায়ক। এক প্রশ্নে বরং বেশ ভালো করেই বুঝিয়ে বললেন, ‘ফল নয়, মাঠে নেমে ভালো খেলা নিয়েই ভাবি আমরা। দলে এখন এটাই সবচেয়ে বড় পরিবর্তন।’
‘এখন’ বলতে চন্ডিকা হাথুরুসিংহের দায়িত্ব নেওয়ার পরের সময়টাকেই বুঝিয়েছেন চান্ডিমাল। বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে গত মাসের শুরু থেকে তিনি শ্রীলঙ্কার কোচ। একসময় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে বসে প্রতিপক্ষের পথে কাঁটা বিছানোর কৌশল খুঁজতেন। এখন সেই কাজটাই করছেন বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের কোচ থাকার সুবাদে দলটির নাড়ি-নক্ষত্র জানেন। স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচগুলোয় শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসার নাম তাই হাথুরুসিংহে। চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশের আনন্দ এ কারণেই বেড়ে যাবে অনেক। হাথুরুসিংহের দলকে তো হারানো গেল ফাইনালে!
মাশরাফি-সাকিবরা শুরু থেকেই বলে আসছেন, শ্রীলঙ্কার সঙ্গে লড়াই মানে হাথুরুসিংহের সঙ্গে লড়াই নয়। তবু সিরিজে এখন পর্যন্ত যে দুবার বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে, সাবেক কোচের সঙ্গে অদৃশ্য লড়াইটা ছিলই। প্রথম লড়াইয়ে বাংলাদেশ জিতলেও পরেরটিতে শ্রীলঙ্কার বিশাল জয়ে সেই দুঃখ কিছুটা ভুলে থাকবেন হাথুরুসিংহে। আর আজ সাবেক ছাত্রদের মতো তিনিও আছেন বিজয়োল্লাসে মেতে ওঠার অপেক্ষায়।
ওয়ানডে ক্রিকেট অনেকটা ১০০ মিটার দৌড়ের মতো। ভালো শুরুই এগিয়ে দিতে পারে একটা দলকে। নিজের দলের কাছে মাশরাফিরও সেটাই প্রত্যাশা, ‘ফাইনালে চাপ থাকেই। শ্রীলঙ্কাকে আগের ম্যাচে হারাতে পারলেও এটা থাকত। সবকিছু নির্ভর করবে আমরা কেমন শুরু করব তার ওপর। যারা স্নায়ু ঠিক রেখে খেলতে পারবে, তারাই এগিয়ে থাকবে।’
সিরিজের শুরু থেকেই সাকিব আল হাসান আর তামিম ইকবাল দেখাচ্ছেন বাংলাদেশ দলের প্রাণভোমরা তাঁরা দুজনই। তিনটি জয়ই এসেছে তাঁদের হাত ধরে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে সাকিব-তামিম পারেননি, বাংলাদেশও পারেনি। বাংলাদেশ দলের মিডল অর্ডারের ব্যর্থতাও এই সিরিজে বহুল আলোচিত। তবে আজ সেখানে একটা পরিবর্তন আসতে পারে। গতকাল রাতের খবর, নাসির হোসেনের জায়গায় ফাইনালে খেলানো হতে পারে মেহেদী হাসান মিরাজকে। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে এনামুল হক বিজয়ই খেলবেন নাকি সিরিজে প্রথমবারের মতো সুযোগ দেওয়া হবে মোহাম্মদ মিঠুনকে, টিম ম্যানেজমেন্টে আলোচনা ছিল সেটি নিয়েও। তবে পেসার আবুল হাসানের জায়গায় দলে ফেরা নিশ্চিত সাইফউদ্দিনের। দুপুরে মাশরাফির কথায়ও মিলেছিল একই রকম আভাস, ‘দলে পরিবর্তন এলেও পেসারের জায়গায় পেসারই আসবেন, স্পিনার বা ব্যাটসম্যানের জায়গায় স্পিনার বা ব্যাটসম্যানই। মুখগুলো হয়তো বদলাতে পারে।’
শেরেবাংলা স্টেডিয়ামের ফাইনালের শেষ দৃশ্যটাও আজ একইভাবে বদলে দিতে চাইবে বাংলাদেশ। সাকিব-মুশফিকদের কান্না মোছার দৃশ্য ভুলিয়ে কনফেত্তি ওড়াতে চাইবে শিরোপা জয়ের উৎসবে।