এবার ইংল্যান্ডকে লজ্জা দিল ভারত

কদিনের ব্যবধানে মুদ্রার দুটো পিঠই দেখলেন দুই অধিনায়ক—অ্যালিস্টার কুক ও মহেন্দ্র সিং ধোনি! দুই সপ্তাহ আগে ইংলিশ অধিনায়ক হেসেছিলেন টেস্ট সিরিজ জয়ের আনন্দে। মহেন্দ্র সিং ধোনির মুখে তখন রাজ্যের হতাশা। ওয়ানডে সিরিজে ঠিক তার বিপরীত দৃশ্য। এবার ধোনির ঠোঁটে হাসি আর কুকের মুখে পরাজয়ের লজ্জা! আজ এজবাস্টনে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভারত।
ইংল্যান্ডের দেওয়া ২০৭ রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে ফেললেন দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান। দুজনের উদ্বোধনী জুটিতে এল ১৮৩। রাহানে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। হ্যারি গার্নের বলে ফেরার আগে করলেন ১০৬। ম্যাচসেরাও তিনি। এ ক্ষেত্রে ধাওয়ানের কপালটা বেশ খারাপই বলতে হবে। অপরাজিত থাকলেন ৯৭ রানে। অল্পের জন্য ছোঁয়া হলো না ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।
এর আগে টসে জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠায় ভারত। গত কয়েক ম্যাচের মতো আজও ইংলিশ ব্যাটসম্যানদের ত্রাহি অবস্থা। ভারতের বোলারদের সামনে টালমাটাল ইংল্যান্ড অলআউট ২০৬ রানে। ২৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ইংল্যান্ডকে স্বপ্ন দেখিয়েছিল মরগ্যান-রুটির চতুর্থ উইকেট জুটি। এ জুটিতে এল ৮০ রান। তবে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৭ করেছেন সাত নম্বরে নামা মঈন আলী। ভারতের বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি।