এবার ইউনিসের তির মিসবাহ-ওয়াকারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষোভ জমেছিল অনেক। ইউনিস খানের সেসব ক্ষোভই বেরিয়ে আসছে এক এক করে। নির্বাচকদের সমালোচনা করেছিলেন কয়েক দিন আগে। এবার বললেন তাঁর প্রতি টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক আর কোচ ওয়াকার ইউনিসের আচরণ নিয়ে অসন্তুষ্টির কথাও।
পাকিস্তানের একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে ইউনিস বলেছেন, ‘শ্রীলঙ্কায় তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ১৭১ রানের ইনিংসটা না খেললে যে কী হতো, আমি জানি না। বোধ হয় বাদই দেওয়া হতো আমাকে। কিন্তু সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। তাঁদের আত্মবিশ্বাসের জোগান দিতে হবে। আর পাকিস্তানের জন্য আমি সব সময় সেরাটাই দিয়েছি।’ কারও নাম উল্লেখ করেননি, কিন্তু ইঙ্গিতটা অধিনায়ক মিসবাহ ও কোচ ওয়াকারের দিকে। বেশ কিছুদিন ধরেই তো গুঞ্জন শোনা যাচ্ছিল, মিসবাহ-ওয়াকারের আচরণে অসন্তুষ্ট পাকিস্তান দলের বেশ কয়েকজন খেলোয়াড়। ইউনিসের কথায় সেটা আরেকটু প্রকাশ্যে এল।
নিজের মন্তব্য দিয়ে ইউনিস হয়তো অনেককে খেপিয়ে তুলেছেন। তবে সংবাদমাধ্যমে এসব কথা বলার জন্য পিসিবি ইউনিসের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে না বলেই জানিয়েছেন বোর্ডের নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি। এ বিষয়ে সবার কাছ থেকে আরও পরিণত আচরণের প্রত্যাশা জানিয়ে শেঠি বলেছেন, ‘ইউনিস দলের একজন সিনিয়র খেলোয়াড়। সে এখন খুবই ভালো খেলছেও। সে তার হতাশার কথা বলতেই পারে। কিন্তু আমাদের তো এগিয়ে যেতে হবে।’ পিটিআই, এএফপি।