এবার ইরফানও গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আগে থেকেই ছিলেন না দুই স্পিনার সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপ শুরুর আগেই চোট কেড়ে নিয়েছে দুই পেসার উমর গুল ও জুনাইদ খানকে। পাকিস্তানের বোলিং আক্রমণ আরও দুর্বল হয়ে গেল। চোট এবার কেড়ে নিয়েছে বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফানকে। পাকিস্তান দল কাল ঘোষণা করেছে, নিতম্বের হাড়ে চিড় ধরায় দেশে ফিরে যেতে হচ্ছে ইরফানকে। সাত ফুট লম্বা এই বোলারের বদলি এখনো নেওয়া হয়নি। আগামী শুক্রবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হলেই নতুন বোলার নেবে পাকিস্তান।
৪ মার্চ নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে মাত্র তিন ওভার বোলিং করেই মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ইরফানকে। পরের ম্যাচে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিলেও আয়ারল্যান্ড ম্যাচে আর নামতে পারেননি। কাল দ্বিতীয়বারের মতো এমআরআই করানোর পরই ধরা পড়ে হাড়ের ফাটল। নতুন এই আঘাতে কিছুটা হলেও হতোদ্যম পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক, ‘যখনই আমরা ভালো করতে শুরু করলাম, তখনই মোক্ষম আঘাতটা এল। যেকোনো অধিনায়কের জন্যই এটা দুঃসংবাদ, তবে পরিস্থিতি সামলানোর উপায় খুঁজে বের করতে হবে।’ এএফপি।