এবার উমেশ যাদবের বাড়িতে ডাকাতি

হরিয়ানায় যোগীন্দর শর্মার বাবাকে ছুরি মেরে লুট করা হয়েছে দোকান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারের নায়কের পারিবারিক এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ডাকাতির শিকার হলেন আরেক ভারতীয় ক্রিকেটার। এবার আর সাবেক কেউ নন, হাল আমলের উমেশ যাদব। গত সোমবার উমেশের নাগপুর শহরের ফ্ল্যাটের তালা ভেঙে লুট হয়েছে মোবাইল ফোনসহ নগদ অর্থ।
নাগপুরের লক্ষ্মীনগর আবাসিক এলাকায় উমেশের ফ্ল্যাট। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে বিপদটা গিয়েছে জিনিসপত্র আর টাকা-পয়সার ওপর দিয়েই। সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে নাগপুর পুলিশ। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, ‘লক্ষ্মীনগর এলাকায় উমেশ যাদবের বাড়িতে ডাকাতির ঘটনা আমরা জেনেছি। খুব সম্ভবত ফ্ল্যাটের জানালা দিয়ে ডাকাতেরা সেখানে ঢুকেছিল। উল্লেখ্য, ভারতীয় পেসারের ফ্ল্যাটটি ভবনের নবম তলায় অবস্থিত।
বাড়ি থেকে নগদ ৪৫ হাজার রুপি ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাতেরা। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উমেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি ১৭ উইকেট পেয়েছিলেন। ২৯ বছর বয়সী এই পেসার ৩১ টেস্টে তুলে নিয়েছেন ৮৮টি উইকেট। সূত্র: এনডিটিভি