এবার একটু প্রতিদ্বন্দ্বিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট সিরিজ। কিন্তু ওয়ানডে সিরিজ আসতেই পাকিস্তান নতজানু এক দল। একতরফা ক্রিকেটে প্রথম তিন ম্যাচ জিতেই পাঁচ ম্যাচের সিরিজটা জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজ মীমাংসা হয়ে যাওয়ার পর পরশু চতুর্থ ওয়ানডেতে অবশ্য একটু প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত এই ম্যাচটাও জিতে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পথে আরেক পা এগিয়েছে ইংল্যান্ড।
ট্রেন্ট ব্রিজে রেকর্ডের ম্যাচে ৪৪৪ রানের চূড়ায় ওঠা ইংল্যান্ডকে পরশু মাত্র ২৪৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। ৭২ রানেই ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়ে জয়েরও আশা জাগিয়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানিদের স্বপ্ন ভাঙলেন সিরিজে প্রথম খেলতে নামা বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। পঞ্চম উইকেটে ১০৩ রানের জুটি গড়েছেন দুজন। স্টোকস (৬৯) ও বেয়ারস্টো (৬১) দুজনেরই কেউই অবশ্য শেষ পর্যন্ত উইকেটে ছিলেন না। ১২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জিতেছে ইংল্যান্ড।
গত ফেব্রুয়ারিতে সর্বশেষ হারের দেখা পাওয়া ইংল্যান্ড কি ভয় পেয়েছিল? জস বাটলারের চোটে একাদশে ঢুকেই ম্যাচসেরা হওয়া বেয়ারস্টো উড়িয়েই দিয়েছেন প্রশ্নটা, ‘রান তাড়ার কোনো পর্যায়েই কোনো আতঙ্ক ছিল না। এটা তো অর্জনযোগ্য লক্ষ্যই ছিল।’ পাকিস্তানের অধিনায়ক আজহার আলীও বেয়ারস্টোর সঙ্গে একমত, ‘আমাদের রান কিছুটা কম হয়ে গেছে। কিছুটা টার্নিং হলেও উইকেট ভালোই ছিল।’
চোটের কারণে ৭ ফুট লম্বা পেসার মোহাম্মদ ইরফানকে হারিয়ে ফেলাটাও পাকিস্তানের বিপক্ষে গেছে। ইংল্যান্ডের প্রথম ২ উইকেট তুলেছেন ইরফান, আর পায়ের পেশির চোটে মাত্র ৫ ওভার বল করেই তাঁকে কিনা বেরিয়ে যেতে হয় মাঠ ছেড়ে।
আগামীকাল কার্ডিফে সিরিজের শেষ ওয়ানডে। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৪৭/৮ (আজহার ৮০, ইমাদ ৫৭*, সামি ২৪; রশিদ ৩/৪৭, মঈন ২/৩৯, জর্ডান ২/৪২)। ইংল্যান্ড: ৪৮ ওভারে ২৫২/৬ (স্টোকস ৬৯, বেয়ারস্টো ৬১, মঈন ৪৫*, রুট ৩০; ইরফান ২/২৬)।
ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জনি বেয়ারস্টো।