এবার ওয়াকার-ঝড়!
বিশ্বকাপ শেষ হয়, পাকিস্তান ক্রিকেটে ঝড় বয়ে যায়। তেমন ঝড়ের পূর্বাভাসই মিলছে কদিন ধরে। কোচ ওয়াকার ইউনিস এবার তিন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল, মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদের ‘আচরণ’ নিয়ে প্রশ্ন তুলেছেন পিসিবির কাছে। কোয়ার্টার ফাইনাল থেকে পাকিস্তানের বিদায়ের পর ওয়াকার সিডনিতে গেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে যাওয়ার আগে এক লিখিত প্রতিবেদন দিয়ে গেছেন বোর্ডকে। ডন নিউজ টিভির খবর অনুযায়ী, ওয়াকার উমরকে ‘ব্যাটিংয়ে উন্নতি না করা পর্যন্ত’ জাতীয় দলের জন্য বিবেচনা করতে মানা করেছেন। হাফিজ চোট পেয়ে দেশে ফিরে বিস্মিত হয়েছিলেন। বলা হচ্ছিল, অনুশীলন সেশনে নাকি কোচের সঙ্গে কথা-কাটাকাটিও হয়েছিল এই অলরাউন্ডারের। হয়তো এ কারণেই তাঁর ওপর চটেছেন ওয়াকার। তবে সবচেয়ে বড় বিস্ময় হয়ে এসেছে পাকিস্তানের ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক হিসেবে পাকিস্তান কোচের পছন্দ। প্রতিবেদন অনুযায়ী, ওয়াকার মিসবাহ-উল-হকের উত্তরসূরি হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে একদা তাঁর অপছন্দের ব্যাটসম্যান আজহার আলীর নাম বলেছেন! তবে এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য পিসিবিতে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। এনডিটিভি।