এবার ওয়ানডেতেও ট্রিপল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই ইতিহাস গড়া বিলাল ইরশাদ। ছবি: পিসিবি
এই সেই ইতিহাস গড়া বিলাল ইরশাদ। ছবি: পিসিবি

আজ যদি ব্যাট-প্যাড সব ট্রাঙ্কে ভরে ঘরের এক কোনায় ফেলে রাখেন বিলাল ইরশাদ, তবু ক্রিকেট তাঁকে মনে রাখবে আজীবন। পাকিস্তানের এই ওপেনার প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরি করেছেন। ইতিহাসের অংশ হতে আর কী লাগে! 

ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন এক উদ্যোগ নিয়েছে। ফজল মাহমুদ আন্তক্লাব নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানেই এমন অমানবীয় ইনিংসটি খেলেছেন সিন্ধ প্রদেশের ইরশাদ। পরশু স্থানীয় ক্লাব শহীদ আলম বাক্স ক্রিকেট ক্লাবের হয়ে ইরশাদ খেলতে নেমেছিলেন আল রেহমান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। উদ্বোধন করতে নেমে গড়েছেন একের পর এক রেকর্ড। ১৭৫ বলে ৯ ছক্কা ও ৪২টি চারে ৩২০ রান করেই ফিরেছেন। ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিন শ পাড় করার আগে দ্বিতীয় উইকেট জুটিতে জাকির হুসেইনের সঙ্গে ৩৬৪ রান তুলেছেন। লিস্ট-এ তে জুটিতে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। গত বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ৩৭২ রানই শুধু এ দুজনের জুটির ওপরে থাকল।
ইরশাদ ও জাকিরের এমন রেকর্ড গড়ার দিনে রানের পাহাড় গড়েছে তাঁদের দল। ৪ উইকেটে ৫৫৬ রান তুলে পরে ম্যাচ জিতে নিয়েছে ৪১১ রানে। বছরের শুরুতেই টি-টোয়েন্টি ট্রিপল সেঞ্চুরির দেখা মিলেছিল। দিল্লির মোহিত আহলাওয়াত ৭২ বলে ৩০২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলতে ৩৯ ছক্কার সঙ্গে ১৪টি চার মেরেছিলেন। সূত্র: জি নিউজ।