এবার কষ্টের ঈদ কাটবে না মুস্তাফিজের

ঈদ করতে বাড়ি যাবেন কবে? কালও পরিষ্কার কিছু বলতে চাইলেন না মুস্তাফিজুর রহমান। কেন চাইলেন না, বিষয়টি বোঝা তাঁর কাটারের মতোই দুর্বোধ্য! যতই এড়িয়ে যেতে চান, খবর কি আর গোপন থাকে! আজ সন্ধ্যার ফ্লাইটেই বাড়ি রওনা হচ্ছেন বাঁহাতি পেসার।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুঁলিয়া গ্রামে যাওয়ার আনন্দ তাঁকে কতটা ছুঁয়ে যাচ্ছে, কাল বেশ টের পাওয়া যাচ্ছিল মুস্তাফিজের চোখে-মুখে। বিসিবি একাডেমি ভবনে পরিচিত যাকে দেখছেন, ঠাট্টা-রসিকতায় মেতে উঠছেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই রোজার ঈদ করতে বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। বিমানের টিকিটও কাটা হয়েছিল। পরিবারের সদস্যরা তো বটেই, গ্রামের বন্ধুরাও নিয়েছিলেন সব প্রস্তুতি। যাঁর জন্য এত আয়োজন, সেই মুস্তাফিজই যেতে পারেননি বাড়িতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ায় ছুটি ছিল না মুস্তাফিজের। ঈদ করতে হয়েছিল চট্টগ্রামেই। দেশে আছেন, অথচ বাবা, মা, ভাই, বোন, আত্মীয়-পরিজন ছেড়ে ঈদ করতে হয়েছে হোটেলে। কষ্টের সেই অভিজ্ঞতা এখনো ভুলতে পারেননি মুস্তাফিজ, ‘গত ঈদের সময় ছিলাম চট্টগ্রামে। খুব কষ্টে কেটেছে। এবার ঈদে বাড়িতে যাব। বাবা, মা, ভাই, বন্ধুদের পাব। ভালো লাগারই কথা।’
এবার ঈদে কী কিনলেন, কিংবা প্রিয়জনদের কী উপহার দিলেন মুস্তাফিজ? উপহার নেওয়ার চেয়ে দিতেই যেন তাঁর আনন্দ, ‘আমার নিজের কোনো পছন্দ নেই। যাদের উপহার দিতে হয়, সবাইকে টাকা দিয়েছি। নিজেদের পছন্দমতো কিনে নেবে। নিজের জন্য কিছু কেনাকাটা করিনি।’
যেহেতু বাড়ির সবচেয়ে ছোট ছেলে, আগে সালামি পেতেন। কিন্তু এখনকার ছবি কিছুটা ভিন্ন। মুস্তাফিজ যে ‘বড়’ হয়ে গেছেন! তাঁকেই সালামি দিতে হবে ছোটদের। বিষয়টা নিশ্চয়ই উপভোগ্য হবে তাঁর কাছে, ‘ঈদে আমাকে তো ওরা (ছোটরা) সেভাবে পায়নি। এবার নিশ্চয়ই পাবে। পেলে তো সালামি দিতেই হবে।’
আনন্দময় এক ঈদ শেষে মুস্তাফিজের ঢাকায় ফেরার কথা আগামী ১০ জুলাই। এরপর তাঁকে ব্যস্ত হতে হবে ইংল্যান্ডে উড়াল দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে।