এবার কাকে দুষবেন ডি ভিলিয়ার্স?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে হারের জন্য দুষেছিলেন বৃষ্টিকে। দ্বিতীয় ম্যাচেও হারের পর কাকে দোষ দেবেন এবি ডি ভিলিয়ার্স? ব্যাটিংটা ঠিক এ যুগের ওয়ানডের মতো হয়নি, বোলিংয়েও বা বিষ ছড়াতে পারল কই দক্ষিণ আফ্রিকা? মূল্য দিতে হলো ম্যাচ হেরে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেছে কাল প্রোটিয়ারা।
২৬৩ রান—এই সময়ে ওয়ানডেতে কোনো বিচারেই বড় লক্ষ্য নয়। আর গত ম্যাচেই যেখানে ৩৯৯ করেছে ইংল্যান্ড, ২৬৩ তো সেখানে তাদের কাছে মামুলি। বরং প্রশ্ন করা যেতে পারে, ইংল্যান্ডের এত বেশি বল খেলতে হলো কেন? ‘মাত্র’ ২২ বল হাতে রেখে জিতেছে এউইন মরগানের দল।
দল জিতেছে, তবু অ্যালেক্স হেলসের আক্ষেপ থাকতেই পারে। মাত্র ১ রানের জন্য যে সেঞ্চুরি হাতছাড়া করেছেন ইংলিশ ওপেনার! তবে ৯৯ রানের ইনিংসটির জন্যও হেলসকে ধন্যবাদ দেবে ইংল্যান্ড। লক্ষ্য ছোট হলেও দেখেশুনে খেলার, জুটি গড়ার দরকার ছিল। সেটিই করেছেন হেলস। ২০ রানেই ওপেনিং সঙ্গী জেসন রয়কে হারানোর পর জো রুটের সঙ্গে ৯৭, আর অধিনায়ক মরগানের সঙ্গে ৫২ রানের দুটি জুটি গড়েছেন। পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, ততক্ষণে ইংল্যান্ডের জয়ের ভিত দাঁড়িয়ে গেছে। মঈন আলী আর জস বাটলার মিলে বাকি ৬১ রান করে ফেলেন আয়েশি ভঙ্গিতেই।
প্রথমে অধিনায়ক ডি ভিলিয়ার্সের ৭৩, আর ফ্যাফ ডু প্লেসি ও জেপি ডুমিনির দুটি পঞ্চাশছোঁয়া ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৬২ করেছিল টসজয়ী দক্ষিণ আফ্রিকা। কিন্তু ধীরগতির ব্যাটিংটাই কাল হলো তাদের। তিন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১০০ বা তার ওপরে, তাঁদের সর্বোচ্চ রান ১২। বড় ইনিংস যাঁদের, তার মধ্যে এক ডু প্লেসিই ৯৫ স্ট্রাইক রেটে রান করলেন, বাকিরা ৮০ বা তারও অনেক নিচে। এ দিয়ে কি এই যুগে চলে!
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৬২/৭ (ডি ভিলিয়ার্স ৭৩, ডুমিনি ৪৭, ডু প্লেসি ৪৬; টপলি ৪/৫০)
ইংল্যান্ড: ৪৬.২ ওভারে ২৬৩/৫ (হেলস ৯৯, বাটলার ৪৮*; অ্যাবট ৩/৫৮)
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।