এবার কাছে গিয়ে হার রুমানাদের

জয়ের লক্ষ্য ২২৪ রান। শারমিন আক্তার ও রুমানা আহমেদের ব্যাটিংয়ে জয়ের আশা জেগে উঠেছে। কক্সবাজারে কালই আসা হাবিবুল বাশারের চোখজোড়া তখনই গেল ভিন্ন কোণে, ‘দক্ষিণ আফ্রিকার শেষ জুটি ১৯ রান তুলেছে। এটাই না ম্যাচের পার্থক্য গড়ে দেয়!’ সংশয়টা অমূলক ছিল না বিসিবির অন্যতম নির্বাচকের। রুমানা আহমেদের দল শেষ পর্যন্ত হেরেছে ১৭ রানে।
৪৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলা দলকে আশা দেখায় তৃতীয় উইকেটে ফারজানা-রুমানার ১২৭ রানের জুটি। মেয়েদের ৫০ ওভারের ম্যাচে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি বাংলাদেশের। তবে ৮ উইকেট হাতে রেখে ৬০ বলে ৬৮ রানের সমীকরণটা মেলাতে পারেননি শারমিন-রুমানারা। কেন পারেননি শারমিন সেটা জানেন, ‘শেষ ১০ ওভারে ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে আউট হয়ে গেছি। কিন্তু জুটিটা আমাদের আত্মবিশ্বাসী করছে।’
রানআউটে কাটা পড়ার আগে শারমিন করেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৭৪ রান। মারিজান্নে কাপের বলে বোল্ড হওয়ার আগে অধিনায়ক রুমানা করেছেন ৬৮। তবে শেষ দিকে বাকিদের ব্যাটিং ছিল ছন্নছাড়া। ৩২ রানের মধ্যে পড়েছে পরের ৬ উইকেট। ৫০ ওভার ব্যাটিং করে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ২০৬। এই হারে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ পিছিয়ে পড়ল ২-০ ব্যবধানে।
কালও প্রোটিয়াদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার লিজলে লি ও আন্দ্রে স্টেইন। তাঁদের ওপেনিং জুটিতে আসে ১১৫ রান। অবশ্য এই জুটি ৬৫ রানেই ভাঙতে পারত। ১৪তম ওভারে খাদিজাতুল কুবরার বল হাওয়ায় ভাসিয়ে দেন লি। কিন্তু লং অন থেকে দৌড়ে বলের কাছে এলেও ক্যাচটা নিতে পারেননি ফারজানা হক। লির রান তখন ৩৫। লতা মণ্ডলকে কাট করতে গিয়ে বোল্ড হওয়ার আগে লি করেন ৭০। আরেক ওপেনার স্টেইন ৬৬ রানে স্টাম্পড হয়েছেন পান্না ঘোষের বলে। তবে প্রোটিয়া মেয়েদের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন খাদিজা। ৫৬ রানে নিয়েছেন ৪ উইকেট, যেটি তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং। ৬ উইকেটে ২০২ থেকে ৯ উইকেটে ২০৪—২ রানের মধ্যে ৩ উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। শেষ জুটিতে তারা তোলে ১৯ রান। ওই রানটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
হাবিবুল বাশার ভবিষ্যৎটা পড়তে পেরেছিলেন। স্লগ ওভারে বাংলাদেশের মেয়েদের এলোমেলো বোলিং, আর জবুথবু ব্যাটিং যে অনেক দিন ধরে দেখছেন!
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভারে ২২৩ (লি ৭০, স্টেইন ৬৬, ফন নিকর্ক ২৭, ফৌরি ১৬*; খাদিজা ৪/৫৬, নাহিদা ১/১৭, লতা ১/২৯, জাহানারা ১/৩৮, পান্না ১/৩৯)। বাংলাদেশ: ৫০ ওভারে ২০৬/৮ (শারমিন ৭৪, রুমানা ৬৮, নিগার ১৪; কাপ ২/৪১, লুস ২/৩১, ফন নিকর্ক ১/৩২)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১৭ রানে জয়ী।
ম্যাচসেরা: লিজলে লি।