
অধিনায়ক হিসেবে প্রথম দুটি টেস্টই কত কিছু শেখাল জো রুটকে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটা জেতার পর প্রশংসার বান ছুটেছে। আবার সেই রুটের নেতৃত্বেই সিরিজের পরের টেস্টটা হারার পর কী তীব্র সমালোচনা! ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতায় ক্ষুব্ধ মাইকেল ভন এমনও বলেছেন, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটকে যথাযথ সম্মানই দেখাচ্ছেন না!
এই দুই টেস্টে ব্যাট হাতে রুটের পারফরম্যান্সেও অনেক পার্থক্য। প্রথম টেস্টে ১৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন, দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৬। অধিনায়ক হিসেবে রুটের ক্যারিয়ারের তৃতীয় টেস্টটা শুরু হচ্ছে আজ থেকে, ওভালে। যেটি আবার এ মাঠের শততম টেস্টও। কী অপেক্ষা করছে এখানে রুটের জন্য? প্রশংসা না সমালোচনা?
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার এই সিরিজের একটা বিশেষত্ব হচ্ছে, যে দলই জিতছে, প্রতিপক্ষকে একেবারে পিষে ফেলছে। লর্ডসে ইংল্যান্ড ২১১ রানে জেতার পর ট্রেন্ট ব্রিজে দক্ষিণ আফ্রিকা সেটার শোধ নিয়েছে স্বাগতিকদের ৩৪০ রানে হারিয়ে। লর্ডসে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছিল মাত্র ১১৯ রানে। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে গেছে ১৩৩ রানে। ওভালেও না একই ভাগ্য বরণ করতে হয় কোনো একটা দলকে!
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের ব্যাটিংয়ের ধরন ভালো লাগেনি ভন ও নাসের হুসেইনের মতো সাবেকদের। ভনের মতে, ইংল্যান্ড টেস্ট খেলেছে টি-টোয়েন্টির মতো। যে সমালোচনা শুনে রুট কিছুটা খেপেছিলেনও। বেন স্টোকসও বলেছেন, ‘একটা টেস্ট হারের পর যেভাবে আমাদের সমালোচনা হলো, সেটা খুবই অন্যায্য।’ এমনকি প্রতিপক্ষের পাশে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলাও বলেছেন, ‘চাইলে লর্ডসে বিশাল ব্যবধানে হারের পর আমাদের নিয়েও এমন সমালোচনা করা যেত। যেকোনো দলের ব্যাটিংয়ে ভালো দিন যেমন আসে, তেমনি খারাপ দিনও আসতেই পারে। ওরা (ইংল্যান্ড) ঘুরে দাঁড়াবে।’
রুট অবশ্য ঘুরে দাঁড়ানোর কথা বলছেন ট্রেন্ট ব্রিজে হারের পর থেকেই। কিন্তু মানসিকভাবে দারুণ চাঙা দক্ষিণ আফ্রিকা কি সেই সুযোগ দেবে ইংল্যান্ডকে? প্রথম টেস্টে বেন স্টোকসকে গালি দিয়ে নিষেধাজ্ঞা পাওয়া কাগিসো রাবাদা খেলতে পারেননি ট্রেন্ট ব্রিজে। তাঁর অভাব বুঝতেই দেননি ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিসরা। এই টেস্টে তো রাবাদাও ফিরছেন। রুটরাও নিশ্চয়ই পরিকল্পনাটা আরেকটু ঘষেমেজে নেবেন।
সেই পরিকল্পনার একটা হচ্ছে, ফর্মহীন গ্যারি ব্যালান্সের জায়গায় ৩ নম্বরে টম ওয়েস্টলিকে খেলানো। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের এই মৌসুমে এসেক্সের হয়ে ৪৭৮ রান করেছেন ৫৩.১১ গড়ে। এসেক্সের সতীর্থ অ্যালিস্টার কুককে নিজের আদর্শ মানেন। সেই কুকের সঙ্গে জাতীয় দলে ব্যাট করবেন ভেবেই রোমাঞ্চিত ওয়েস্টলি, ‘এসেক্সে আমরা দুজন অনেকবার দারুণ কিছু জুটি গড়েছি। আশা করছি, এখানেও করতে পারব।’
পরিসংখ্যান বলছে, সিরিজের তৃতীয় টেস্টটা ড্র হওয়ার সম্ভাবনা খুবই কম। ওভালে সর্বশেষ ৯ টেস্টের একটিই মাত্র ড্র হয়েছে, ২০১৩ সালের অ্যাশেজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ মাঠে ইংল্যান্ড সর্বশেষ খেলেছিল ২০১২-এর জুলাইতে। ওই টেস্টেই অপরাজিত ৩১১ রানের ইনিংস খেলেছিলেন হাশিম আমলা, যা টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। ম্যাচটাও দক্ষিণ আফ্রিকা জিতেছিল ইনিংস ও ১২ রানে।
ওভালে ১৪টি টেস্ট খেলে যেটি এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার একমাত্র জয়ও। ক্রিকইনফো, এএফপি।
