এবার কোহলি কী বলবেন?

প্রশ্নটা এক অর্থে বাড়াবাড়িই। সর্বশেষ ছয় ইনিংসে কোনো ফিফটি পাননি, একজন ব্যাটসম্যানের ক্যারিয়ারে এমন এক আধটু ‘ব্যাড-প্যাচ’ তো কতই আসে। তাতেই তাঁকে নিয়ে আলাদা করে প্রশ্ন তোলাটা তো বাড়াবাড়িই। কিন্তু লোকটা বিরাট কোহলি বলেই প্রশ্নটা উঠছে। তার চেয়েও বেশি উঠছে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনের জন্য।
নিজের সময়ের সেরা ব্যাটসম্যানদের একদম ছোট্ট তালিকায়ও কোহলির নাম রাখতে হবে। ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনও এই মুহূর্তে কোহলিই। কিন্তু সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অ্যান্টিগায় সেঞ্চুরি করার পরের ছয় ইনিংসে একবারও ফিফটি করতে পারেননি। ইডেন গার্ডেনে আজ দুর্দান্ত এক কাভার ড্রাইভে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু নয় রানের মাথায় ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের বেশ বাইরের একটা বল তাড়া করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন গালিতে। দুর্দান্ত একটা ক্যাচ নেওয়ার জন্য লাথামকে আলাদা করেই ধন্যবাদ দেওয়া উচিত বোল্টের।
কিন্তু মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়ার সময় কোহলি বুঝিয়ে দিচ্ছিলেন, তিনি কতটা হতাশ। সর্বশেষ ছয় ইনিংসে ভারত অধিনায়কের মোট রান ৮৭, সর্বোচ্চ ৪৪। কাল সংবাদ সম্মেলনে সেটি মনে করিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। কোহলি উল্টো বললেন, অফ-ফর্ম বলে কিছুতে তিনি বিশ্বাসই করেন না। নির্দিষ্ট দিনে কে কেমন করবে, সেটার ওপরেই সবকিছু নির্ভর করে। নিজের এই সাময়িক রান খরা নিয়েও একদমই ভাবছেন না বলে জানিয়েছিলেন।
কোহলি হয়তো মনে মনে ঠিক করে রেখেছিলেন, সবকিছুর জবাব আজ মাঠেই দেবেন। কিন্তু সেটা তো হলো না। এবার তাহলে কোহলি কী বলবেন?