এবার কোহলির অপেক্ষায় অ্যান্ডারসন
কদিন আগেই টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন। এবার আগামী বছরে ইংল্যান্ড দলের ভারত সফরে চোখ অ্যান্ডারসনের। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিপক্ষে লাল বলের লড়াইয়ের অপেক্ষায় আছেন আধুনিক ক্রিকেট এই কিংবদন্তি।
‘অ্যান্ডারসন-কোহলি’ লড়াইয়ের শুরু সেই ২০১৪ সাল থেকে। কোহলির প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে এসে বুঝেছিলেন নিজের আঙিনায় অ্যান্ডারসন কতটা ভয়ংকর। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১০ ইনিংস খেলে মাত্র ১৩৪ রান করেছিলেন কোহলি। এর মধ্যে চারবারই অ্যান্ডারসনের শিকার হন কোহলি।
তবে বড় ক্রিকেটার নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে। কোহলিও তাই করেছেন। ইংল্যান্ড সফর থেকে ফিরে ব্যাটিং কৌশল নিয়ে কাজ করেছেন শচীন টেন্ডুলকারের সঙ্গে। কয়েক মাসের মাথায় সম্পূর্ণ ভিন্ন কোহলিকে দেখা যায় অস্ট্রেলিয়া সফরে। তবে অ্যান্ডারসন পরীক্ষার কোহলি কেমন করেন, সেটি দেখতে ক্রিকেট ভক্তদের অপেক্ষা করতে হয় ২০১৮ সাল পর্যন্ত।
চার বছর পর ইংল্যান্ড সফরে এসে অধিনায়ক হিসেবে সিরিজ হারলেও ব্যাট হাতে কোহলি ছিলেন সিরিজের সেরা। ১০ ইনিংসে করেছেন ৫৯৩ রান, দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। পুরো সিরিজ জুড়ে সিম ও সুইংয়ের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন কোহলি।
৩৮ বছর বয়সী অ্যান্ডারসন এখন আরেক দফা কোহলির মুখোমুখি হতে চান। সেটাও আবার কোহলির দেশের মাটিতে। সম্প্রতি টেস্ট ম্যাচ স্পেশালের পডকাস্টে তিনি বলেছেন, ‘কোহলির মানের ব্যাটসম্যানদের বল করা সব সময়ই কঠিন। ২০১৪ সালে কিছু সাফল্য পেয়েছি ঠিক আছে, তবে ২০১৮ সালে সে দারুণভাবে ফিরে এসেছে। আমার মনে হয়েছে ২০১৪’র তুলনায় বল বেশি ছেড়ে খেলেছে। ২০১৪ সালে আমি আউট সুইং করলে সে তাড়া করতে যেত। পরেরবার সেটা করেনি। অপেক্ষা করেছে কখন আমি তাঁর শক্তি জায়গা, প্যাডে বল করি। সেদিক থেকে সামনের লড়াইটা কঠিন হবে। তবে আমি এটাই উপভোগ করি। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের আমি আউট করতে চাই।’
ভারতের কন্ডিশনে আবার ইংল্যান্ডের ডিউক বল, সিম ও সুইং পাবেন না অ্যান্ডারসন। দীর্ঘ ক্যারিয়ারে এই তিন অস্ত্রের সবচেয়ে ভালো ব্যবহার অ্যান্ডারসনই করেছেন। ভারতের এসজি বল নতুন বলে কিছুটা সুইং করবে, এরপর ভাগ্য ভালো থাকলে ৩০-৪০ ওভারের পর রিভার্স সুইং। এর বাইরে ম্যাচে টিকে থাকতে অ্যান্ডারসন কাটার ব্যবহারের ইঙ্গিত দিয়ে রাখলেন, ‘আমরা ভারতে আগেও সাফল্য পেয়েছি। আমরা বলের সিমের পাশে আঙুল ঘুরিয়ে সফল ছিলাম। সেখানকার শুকনো উইকেটে বল কিছুটা থেমে আসবে। এমন দক্ষতা থাকলে ভালো। আমরা ভারতে বল করা উপভোগ করি।’