এবার কোহলির দাম ১৭ কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আইপিএলে কোহলির দাম বাড়ল দুই কোটি রুপি। ছবি: বিসিসিআই
এবার আইপিএলে কোহলির দাম বাড়ল দুই কোটি রুপি। ছবি: বিসিসিআই

ব্যাটিংয়ে যেমন দুর্দান্ত, তেমনি আয়রোজগারেও বিরাট কোহলি ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। এবার আইপিএলে ভারতীয় অধিনায়কের পারিশ্রমিকটাও চোখ কপালে তুলে দেওয়ার মতো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৭ কোটি রুপি (প্রায় ২২ কোটি টাকা) দিয়ে রেখে দিয়েছে কোহলিকে। যেটি আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ।

এর আগে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন যুবরাজ সিং। ২০১৫ সালে ১৬ কোটি রুপিতে তাঁকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল নিলামে কোহলিকে কেউ ছাড়িয়ে যেতে পারেন কি না, সেটাই দেখার। গত আইপিএলে ভারতীয় অধিনায়কের পারিশ্রমিক ছিল ১৫ কোটি রুপি।

 টি-টোয়েন্টির বড় নাম ক্রিস গেইলকে এবার ছেড়ে দিলেও বেঙ্গালুরু এবি ডি ভিলিয়ার্সকে ধরে রেখেছে ১১ কোটি রুপি খরচায়। পারিশ্রমিকের দিক দিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহলির পরই আছেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। ধোনিকে চেন্নাই সুপার কিংস ও রোহিতকে মুম্বাই ইন্ডিয়ানস ধরে রেখেছে ১৫ কোটি রুপিতে। হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ে থেকে যাচ্ছেন ১১ কোটি রুপিতে। সুরেশ রায়নাকে চেন্নাই রেখে দিয়েছে ১১ কোটি রুপি খরচ করে।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে ১২ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে থেকে যাচ্ছেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ। সুনীল নারাইনকে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখছে সাড়ে ১২ কোটি রুপি খরচ করে।