এবার গাজীর সঙ্গে পারেনি আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলটি সংগ্রহে রাখতেই পারেন আল আমিন। এই বলেই কাল প্রিমিয়ার লিগে নিয়েছেন ৫ উইকেট, ধসিয়ে দিয়েছেন রূপগঞ্জের ইনিংস l প্রথম আলো
বলটি সংগ্রহে রাখতেই পারেন আল আমিন। এই বলেই কাল প্রিমিয়ার লিগে নিয়েছেন ৫ উইকেট, ধসিয়ে দিয়েছেন রূপগঞ্জের ইনিংস l প্রথম আলো

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কাল বিকেএসপির দুই মাঠে ছিল ‘নড়বড়ে নব্বইয়ে’র মিছিল! আবাহনীর বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ব্যাটসম্যান আউট হয়েছেন ৯০-এর ঘরে। এই দুই ব্যাটসম্যান সেঞ্চুরি না পেলেও আবাহনীকে ২৫ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তাদের দল।

বিকেএসপির আরেক মাঠে নড়বড়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৯৫ রানে আউট হয়েছেন নাঈম ইসলাম। তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ শেষ পর্যন্ত হেরেছে ৬৬ রানে। তবে জমজমাট এক ম্যাচ দেখেছে ফতুল্লা স্টেডিয়াম। শ্বাসরুদ্ধকর ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে মাত্র ১ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।

গত প্রিমিয়ার লিগে বিকেএসপিতেই শামসুর রহমানের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও গাজী ক্রিকেটার্সকে হারিয়েছিল আবাহনী। সেই হারের স্মৃতিটা নিশ্চয়ই ভোলেনি তারা। নিজেদের প্রথম দুই ম্যাচে ফিফটি করা এনামুল হক কাল সেঞ্চুরির লক্ষ্যেই এগোচ্ছিলেন। দ্বিতীয় উইকেটে এনামুল-মুমিনুল হকের ৫৮ বলে ৬১ রানের জুটি গাজীকে বড় স্কোরের ভিত দিয়েছে। সেটি আরও দূরে টেনে নিয়েছে চতুর্থ উইকেটে এনামুল-পারভেজ রসুলের ৯৩ রানের জুটি। দুই ব্যাটসম্যানই আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। মনন শর্মার বলে কাজী অনিকের ক্যাচ হওয়ার আগে এনামুল করেছেন ৯৭ আর অনিকের বলে নাজমুল হোসেনের ক্যাচ হওয়ার আগে পারভেজের রান ৯১।

পঞ্চম উইকেটে নাদিফ চৌধুরী-পারভেজের ৬২ বলে ৮০ রানের জুটিই শেষ পর্যন্ত গাজী ক্রিকেটার্সকে এনে দিয়েছে ২৮২ রানের বড় স্কোর। আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডির কাছে পরাজিত আবাহনীকে কাল ভালো সূচনাই দিয়েছিল লিটন দাস-সাইফ হাসানের ৫৫ রানের জুটি। কিন্তু পরে আর কোনো বড় জুটি গড়তে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক প্রান্তে একাই লড়ে গেছেন আফিফ হোসেন। ৮০ বলে তাঁর অপরাজিত ৭৬ রানের ইনিংসটা শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে আবাহনীর।

বিকেএসপির অন্য মাঠে পাকিস্তানি ব্যাটসম্যান রাফাত উল্লাহর ১২৮ রানের সৌজন্যে রূপগঞ্জকে ২৮৫ রানের বড় লক্ষ্য দেয় প্রাইম ব্যাংক। কিন্তু আল আমিনের তোপে শুরু থেকেই রূপগঞ্জের ব্যাটিং বিপর্যয়! ১৩ রানে ৪ উইকেট হারানো রূপগঞ্জকে টেনে নেওয়ার চেষ্টা করেন নাঈম। আল আমিনের বলে ৯৫ রানে নাঈম বোল্ড হলে রূপগঞ্জের পরাজয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। জাতীয় দলের বাইরে থাকা এই পেসার নিয়েছেন ৪৯ রানে ৫ উইকেট। ‘নিজেদের প্রথম দুই ম্যাচ ছিলাম একাদশের বাইরে। সেখান থেকে ৩ ম্যাচে ৯ উইকেট পেয়েছি। বিশেষ করে আজ (কাল) ৫ উইকেট আমার জন্য ভীষণ স্বস্তিদায়ক’—বলছিলেন আল আমিন।

দুর্দান্ত এক ম্যাচ হয়েছে ফতুল্লায়। দোলেশ্বরের দেওয়া ২০২ রান তাড়া করতে নামা কলাবাগানের শেষ ওভারে দরকার ছিল ৪ রান। প্রথম বলেই নাবিল সামাদ ২ রান নিলে সমীকরণটা দাঁড়ায় ৫ বলে ২। কিন্তু পরের বলেই রানআউট নন স্ট্রাইক প্রান্তে থাকা নাহিদ হাসান। ১ রানে হেরে যায় কলবাগান। এই হারের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না দলের অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান, ‘মাংসপেশিতে টান লাগে নাহিদের। ও দৌড়াতে পারছিল না। আগের ওভারে নাহিদই ছক্কা মেরে আমাদের জেতার আশা দেখিয়েছিল। কিন্তু ওই বলটায় নাবিল এক্সট্রা কাভারে মারলে সে ক্রিজ থেকে বেরিয়ে যায়, আর ফিরতে পারেনি।’

সংক্ষিপ্ত স্কোর

গাজী ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৮২/৯ (আনামুল ৯৭, পারভেজ রসুল ৯১, নাদিফ ৪১; সাইফউদ্দিন ৩/৫৬, অনিক ৩/৫৮ শর্মা ২/৫৬)। আবাহনী: ৪৮.১ ওভারে ২৫৭ (আফিফ ৭৬*, লিটন ৪২; আলাউদ্দিন ৩/৪৫, আবু হায়দার ২/৩৭, হোসেন ২/৩৮)।

ফল: গাজী ২৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: পারভেজ রসুল।

 লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক বিকেএসপি ৪

প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৮৪/৬ (রাফাতউল্লাহ ১২৮, আসিফ ৪৭, সালমান ৩৩*; শরীফ ৩/ ৪২)। রূপগঞ্জ: ৪৯.২ ওভারে ২১৮ (নাঈম ৯৫, মোশাররফ ৪২, শরীফ ৩৪; আল আমিন ৫/৪৯, নাহিদ ২/৩৭, নাজমুল অপু ২/৩৫)।

ফল: প্রাইম ব্যাংক ৬৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রাফাতউল্লাহ।

প্রাইম দোলেশ্বর-কলাবাগান কেসি ফতুল্লা

প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২০২/৯ (নাফীস ৩৯, জাকির ৩৮*; সঞ্জিৎ ৪/২৮, আশরাফুল ২/৩৪)। কলাবাগান কেসি: ৪৯.২ ওভারে ২০১ (তাসামুল ৮৯, মেহরাব জু. ২৯; ফরহাদ রেজা ৩/৩২, শরীফ ৩/৩৬, আরাফাত ২/৩৯)।

ফল: প্রাইম দোলেশ্বর ১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শরীফ উল্লাহ।