
দিনের খেলা শেষ হতে বাকি মাত্র ১২ ওভার। ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক উইকেটই তখনো অক্ষত। ষষ্ঠ উইকেটে ঠিক ১০০ রান যোগ করে অপরাজিত দিনেশ রামদিন ও জেসন হোল্ডার জুটি। ম্যাচটা তাহলে পঞ্চম দিনেই গড়াচ্ছে! এমনটি ভেবে যাঁরা টেলিভিশন বন্ধ করেছেন তাঁরা ভুল করেছেন। ম্যাচটিকে পঞ্চম দিনে নিয়ে যাওয়া তো দূরের কথা, ক্যারিবীয়রা অলআউট আর ১০ ওভারের মধ্যেই। দ্বিতীয় টেস্টটা ১৭৭ রানের জিতে অস্ট্রেলিয়াও নিজেদের কাছে রেখে দিল ফ্র্যাঙ্ক ওরেল ট্রফিটা। এই ট্রফিটা সেই ১৯৯৫ সাল থেকেই অস্ট্রেলিয়ার কাছে গচ্ছিত।
অস্ট্রেলিয়া তৃতীয় দিনটা শেষ করেছিল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৯ রান তুলে। ক্যারিয়ারের প্রথম জোড়া সেঞ্চুরি থেকে ৩০ রান দূরে দাঁড়িয়ে ছিলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়ক অবশ্য সেই পথে হাঁটলেনই না। ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে দিলেন আগের দিনের স্কোরেই।
ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ৪৬০ রান, হাতে পুরো দুটি দিন। ক্রেগ ব্রাফেট হয়তো এক দিনেই রানটা তুলে নিতে চেয়েছিলেন। ক্যারিবীয় ওপেনার ৩৪ বলে ৩১ রান করে যখন আউট হলেন ওয়েস্ট ইন্ডিজের রান ৩৫। অন্য ওপেনার রাজেন্দ্র চন্দ্রিকা এরপর ৪৮ রান যোগ করেন ড্যারেন ব্রাভোকে নিয়ে। ৮ রানের মধ্যেই ফিরেছেন দুজন। মারলন স্যামুয়েলস ও জার্মেইন ব্ল্যাকউডও ভালো শুরুটা ধরে রাখতে না পেরে আউট অল্পতেই।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টা রচিত হয় এরপরই, হোল্ডার-রামদিনের ব্যাটে। রামদিনকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে জুটি ভাঙা মিচেল মার্শ পরে ফিরিয়েছেন হোল্ডারকেও। এর আগে-পরে স্যামুয়েলস ও টেলরের উইকেট নেওয়া এই পেসার করেছেন ক্যারিয়ার-সেরা বোলিং (৪/৬১)।
সিডনিতে সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। এএফপি, ক্রিকইনফো।