এবার জিতল মুশফিকের মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফুল হকের যেন তর সইছিল না। জয়ের জন্য মোহামেডানের দরকার ৩০ বলে মাত্র ১০ রান, হাতে উইকেট ৭টি। এই সমীকরণে দাঁড়িয়েও ইনিংসের ৪৬তম ওভারে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশাল দুই ছক্কা। আরিফুল ম্যাচের ইতি টানলেন ওখানেই।

ফতুল্লার নির্ভেজাল ব্যাটিং উইকেটে কাল লিজেন্ডস অব রূপগঞ্জের ২১২ রান মোহামেডান টপকে গেল ২৪ বল হাতে রেখে। আর তাতে কাল সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। বিকেএসপিতে ঠিক আগের ম্যাচটাতেই অধিনায়কের সেঞ্চুরির পরও হেরেছিল মোহামেডান। কাল অপরাজিত ফিফটিতে মুশফিক দলকে জিতিয়েই ফিরলেন সাজঘরে। প্রথম ম্যাচে ৭২, দ্বিতীয় ম্যাচে ১০৪ ও কাল ৬৪ বলে অপরাজিত ৫১—তিন ম্যাচে ২২৭ রান নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আপাতত ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মুশফিক উইকেটে আসেন মোহামেডান ৮৪ রানে ২ উইকেটে হারিয়ে ফেলার পর। শ্রীলঙ্কার উপুল থারাঙ্গাকে নিয়ে তৃতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েই ম্যাচের ফল নিয়ে সব অনিশ্চয়তা উড়িয়ে দেন মুশফিক। তিনে ব্যাট করে ৯৯ বলে ৭১ রান থারাঙ্গার।

ব্যাটিং স্বর্গে মোহামেডান ব্যাট করেছে ধৈর্য আর আগ্রাসনের যুগল মানসিকতায়। অন্যদিকে রূপগঞ্জের ইনিংস শুধুই আক্ষেপের গল্প। মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক উদ্বোধনী জুটিতে ২৩.২ ওভারে দলকে এনে দিয়েছিলেন ১০৭ রান। সেখান থেকেই কিনা ২১২ রানে অলআউট! বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়রের বলে জুনায়েদ এলবিডব্লু হতেই পতনের সূচনা। ২ ওভার পরেই নাঈম জুনিয়রের বলে লং অফে ক্যাচ দিলেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করা মিজানুর। একটু পরে ব্যাট হাতে খারাপ সময়টাকে আরেকটু দীর্ঘায়িত করে সৌম্য ফিরলেন ২০ রানে। রূপগঞ্জের ব্যাটসম্যানরা যেন মেতেছিলেন মোহামেডানের লং অন ও লং অফের ফিল্ডারদের ক্যাচিং অনুশীলন করাতে। পাঁচ-পাঁচটি ক্যাচ উঠেছে ওই দুই জায়গায়।

৪ উইকেট ও ৩ ক্যাচ নিয়ে ম্যাচসেরা নাঈম জুনিয়রও ম্যাচ শেষে বললেন একই কথা, ‘উইকেটে ব্যাটিং সহজই ছিল, ওরা আসলে নিজেরাই উইকেট দিয়েছে। আমি শুধু মুশফিক ভাইয়ের কথা মেনে স্টাম্পের ওপর বল করেছি।’

সংক্ষিপ্ত স্কোর

রূপগঞ্জ: ৪৯.৩ ওভারে ২১২ (মিজানুর ৬৩, জুনায়েদ ৩৯, মোশাররফ ২৪, সৌম্য ২০; নাঈম জুনিয়র ৪/৪৮, হাবিবুর ৩/২৬, নাঈম ২/৩৮, শুভাশিস ১/৩২)।

মোহামেডান: ৪৬ ওভারে ২১৫/৩ (থারাঙ্গা ৭১, মুশফিক ৫১*, সৈকত ৩৪, এজাজ ২৬, আরিফুল ২৪*; আসিফ ১/২৬, হায়দার ১/২৮, মুরাদ ১/৪১)।

ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম জুনিয়র।