এবার জিতেছে মেয়েরা
৫৪ রানে অলআউট, সর্বনিম্ন দলীয় ইনিংসের বিশ্ব রেকর্ড। মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে যতটা সম্ভব বাজেভাবেই শুরু করেছিল বাংলাদেশ। কাল দ্বিতীয় ম্যাচে দেখা গেল উল্টো চিত্র। এবার বাংলাদেশের মেয়েরাই ৫৩ রানে শেষ করে দিয়েছে স্বাগতিক থাইল্যান্ডের ইনিংস। তবে তাতে নিজেদের করা সর্বনিম্ন রানের লজ্জা কাটাতে পারেনি তারা। বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচটার যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাই নেই!
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে করে মাত্র ৮৮ রান। এর ৩৮-ই ওপেনার সানজিদা ইসলামের। তাঁর ৪৮ বলের ইনিংসে চার মাত্র ১টি। অবশ্য বাংলাদেশের পুরো ইনিংসেই বাউন্ডারি আছে আর একটি। আটে নেমে ৬ বলে অপরাজিত ৯ রান করার পথে ১টি চার মেরেছেন জাহানারা আলম। সানজিদা ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ফারজানা হক (৩১ বলে ১৫) ও সালমা খাতুন (১২ বলে অপরাজিত ১০)।
বোলিংয়ে প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন পেসার জাহানারা। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই অলআউট থাই মেয়েরা। বাংলাদেশের আরেক পেসার পান্না ঘোষ ৪ ওভারে ৯ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। অধিনায়ক রুমানা ৩.৩ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ নেপাল। এরপর আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবে রুমানারা। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি খেলবে ফাইনালে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ৮৮/৬ (সানজিদা ৩৮, ফারজানা ১৫, সালমা ১০*; লাওমি ৩/১৮)। থাইল্যান্ড: ১৮.৩ ওভারে ৫৩ (চান্তাম ২১, তিপোচ ১০; পান্না ৪/৯, রুমানা ৩/৫, জাহানারা ২/২১, কুবরা ১/১০)। ফল: বাংলাদেশ ৩৫ রানে জয়ী।