এবার জুনাইদও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফ স্পিনার সাঈদ আজমল নিষিদ্ধ। এরপর চোট কেড়ে নিয়েছে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। খর্বশক্তির পাকিস্তানের শক্তি খর্ব হলো আরও। দলটি কাল হারিয়ে ফেলেছে বাঁহাতি পেসার জুনাইদ খানকে। অনুশীলনে হাঁটুতে চোট পাওয়া জুনাইদ ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ তো বটেই, খেলতে পারবেন না টেস্ট সিরিজেও। ২৪ বছর বয়সী এই বোলারকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। জুনাইদের বদলি হিসেবে সোহেল তানভিরকে নেওয়া হয়েছে দলে।
এদিকে পাকিস্তান হেরে গেছে সিরিজের প্রথম দুই ম্যাচেই। গত রোববার দুবাইয়ে একমাত্র টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারা দলটি পরশু শারজায় প্রথম ওয়ানডেতে হেরেছে ৯৩ রানে। এএফপি।