এবার টসভাগ্যও গেল বিপক্ষে

বৃষ্টিভেজা পড়ন্ত বিকেলে ইওনহি ক্রিকেট স্টেডিয়ামে অনেকগুলো ‘যদি’র ভিড়। যদি মাশরাফি বিন মুর্তজার কথামতো ম্যাচ রেফারি ভেঙ্কটপতি রাজু টসের মুদ্রাটা খাড়া করে ধরে ছুড়ে মারতেন, কিংবা যদি হাত দিয়ে ঢেকে রাখতেন মুদ্রার উপরিভাগ, অথবা যদি এশিয়ান গেমস কর্তৃপক্ষ অন্তত সেমিফাইনাল আর ফাইনালে ‘রিজার্ভ ডে’র ব্যবস্থা রাখত...!
কিন্তু বাস্তবতায় ‘যদি’র কোনো স্থান নেই। আর সেই বাস্তবতা হলো, বৃষ্টির কারণে পুরোপুরি হতে না-পারা এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে কাল শ্রীলঙ্কার কাছে টসে হেরে গেছে বাংলাদেশ দল। সোনা ধরে রাখার লড়াইয়ে তারা আর নেই। একই মাঠে আজ সকালে হংকংয়ের সঙ্গে ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন মাশরাফি-সাকিবরা। দুপুরের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে কাল প্রথম সেমিফাইনালে হংকংকে সুপার ওভারে হারানো আফগানিস্তান।
টস পুরোপুরিই ভাগ্যের ব্যাপার হলেও কুসংস্কারও এখানে কাজ করে। কয়েন ছুড়ে মারার সময় ওপরে যে দিকটা থাকে সেটিই নাকি ওঠে! টসটা তাই কয়েন ঢেকে রেখে বা খাড়া করে ধরেই করা হয়ে থাকে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফলাফল নিষ্পত্তির টসে কাল সেসবের কিছুই মানা হলো না। সকালের টসে মাশরাফি কল করায়, বিকেলের এই টসে কলটাও করলেন শ্রীলঙ্কান অধিনায়ক লাহিরু থিরিমান্নে। বাংলাদেশের ক্রিকেট এমনিতেই কাটাচ্ছে দুঃসময়। কাল টসভাগ্যেও পরাজয় যেন এটাই প্রমাণ করল যে, খারাপ সময় এলে সব দিক দিয়েই আসে।
অবশ্য এটা নিশ্চিত করে বলার উপায় নেই যে, টসের কলটা যদি মাশরাফি করতেন, কিংবা ওই কুসংস্কারগুলো মাথায় রাখলে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে টপকে চলে যেত এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে। কিন্তু টসভাগ্যে হেরে বাংলাদেশ সোনার লড়াই থেকে ছিটকে পড়ার পর এখন এই ‘যদি’গুলোই যে সান্ত্বনা! তবু তো বলা যাচ্ছে, বাংলাদেশ ফাইনালে যেত, যদি...।
সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ কন্ডিশনটাকে পুরোই ‘ইংলিশ’ বানিয়ে ছেড়েছিল। টসে জিতে বাংলাদেশকেই তাই ব্যাটিংয়ের দিকে ঠেলে দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। তবে বাংলাদেশের ব্যাটিং যতটা না কন্ডিশনের সমস্যায় ভুগছিল, তার চেয়ে বেশি ভুগল ব্যাটসম্যানদের চলমান ব্যর্থতার ধারাবাহিকতায়। ইনিংসের তৃতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে ওপেনার এনামুল হকের (বিজয়) বিদায়। তৃতীয় ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে বলের লাইনই মিস করে বোল্ড মোহাম্মদ মিঠুন। আর চতুর্থ ওভারে ইসুরু উদানার শর্ট বলে স্কয়ার লেগে ক্যাচ দিলেন সাকিব। ৪ ওভারের মধ্যে মাত্র ৬ রানে ৩ উইকেট নেই। সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ানোটা কঠিন ছিল। তার পরও তামিম ইকবাল ও সাব্বির রহমান বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগেই স্কোরটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন—১১ ওভারে ৩ উইকেটে ৫৯। তামিম ব্যাট করছিলেন ৩৩ বলে ২৪ রান নিয়ে আর সাব্বির ২৫ বলে ২৭।
মুষলধারে বৃষ্টি নামে এরপর, যে বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল ম্যাচটাই। বিকেল ৫টার মধ্যে মাঠ খেলার উপযুক্ত হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফলাফল নিষ্পত্তি হতো। সেটাও না হওয়ায় ৫টা ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল সুপার ওভারের জন্য। কিন্তু বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্তও মাঠ খেলার উপযুক্ত হওয়ার সম্ভাবনা দেখা না যাওয়ায় তখনই টসে ফলাফল নিষ্পত্তির সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। বাকিটা তো বাংলাদেশের বেদনারই গল্প।
দিন শেষে সংবাদ সম্মেলনে সেই বেদনাহত চেহারা নিয়েই এলেন মাশরাফি। হতাশ কণ্ঠে বললেন, ‘ভাগ্য আমাদের সহায় হয়নি। টস হলে তো কিছু করার নেই। নিঃসন্দেহে দলের সবাই হতাশ। আশা করেছিলাম আমরা ফাইনাল খেলব...কিন্তু হলো না।’ বৃষ্টির আগে যেটুকু খেলা হয়েছে তাতে পুরোপুরি সন্তুষ্ট নন মাশরাফি। তবে বলেছেন, ‘এ উইকেটে ১২০ বা ১৩০ রানই চ্যালেঞ্জিং। আমাদের টার্গেট ছিল আগে ব্যাট করলে ১৩৫-১৪০ রান করা। তিনটি উইকেট তাড়াতাড়ি পড়ে যাওয়ার পরও কিন্তু প্রায় ৬ করে রানরেট চলে এসেছিল। হাতে ৭ উইকেট ছিল, ৯ ওভার ছিল।’ শেষ ক্ষোভটা অবশ্য বৃষ্টির ওপরই। এ ধরনের পরিস্থিতি এড়াতে গেমস ক্রিকেটের সেমিফাইনাল-ফাইনালে অন্তত রিজার্ভ ডে রাখা উচিত বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
আজ ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষÿ যারা, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে সর্বশেষ লড়াইয়ে তারাই জিতেছে—হংকং। ব্যাপারটা মাশরাফির মাথায়ও আছে। এই ম্যাচের আগে তবু যথেষ্ট আশাবাদী মনে হচ্ছে তাঁকে, ‘আমাদের আত্মবিশ্বাসের অভাব নেই। আমরা যেহেতু সোনা জিততে এসেছি, অন্য কিছু ভাবার সুযোগ নেই। হ্যাঁ, সবাই হতাশ থাকতে পারে যে আমরা ফাইনাল খেলতে পারছি না। তার পরও এ ম্যাচে আমাদের জয় নিশ্চিত করতে হবে।’
সেটা মাশরাফিরা পারলেই ভালো। নয়তো বাংলাদেশের ক্রিকেটের দুর্ভাগ্যের চাকা যে ঘুরতেই থাকবে!