এবার তাঁদের উল্টোরথে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিটন দাস,রনি তালুকদার
লিটন দাস,রনি তালুকদার

শেষ পর্যন্ত কে থাকবেন চূড়ায়, কে-ইবা তলানিতে কে জানে! মাত্রই তো ঢাকা প্রিমিয়ার লিগের চার রাউন্ড শেষ হয়েছে। রনি তালুকদার, লিটন দাস, নাঈম ইসলাম, সৌম্য সরকার কিংবা ইলিয়াস সানিদের পারফরম্যান্স দেখে এখনই উপসংহারে পৌঁছানোর তাই যৌক্তিকতা নেই। তবে এখন পর্যন্ত যা হয়েছে, তাতে গত প্রিমিয়ার লিগের বিবেচনায় উল্টোরথেই যাত্রা তাঁদের।
গতবারের লিগে ১৬ ম্যাচে ৫১ গড়ে ৭১৪ রান করে সবার ওপরে ছিলেন রনি। সমান ম্যাচে ৪২.৮৭ গড়ে ৬৮৬ রানে এর পরই ছিলেন লিটন। লিগে সর্বোচ্চ স্কোরার হওয়ার একটা প্রতিযোগিতাও ছিল দুজনের মধ্যে। নাঈম ও সৌম্যও ছিলেন উজ্জ্বল। ১৬ ম্যাচে নাঈম ৬৩.৪০ গড়ে করেছিলেন ৬৩৪ রান। ১৫ ম্যাচে ৪১ গড়ে ৬১৫ সৌম্য। নাঈম বাদে বাকি তিনজনের জীবনের বাঁক বদলে বড় ভূমিকা রেখেছিল গত মৌসুম। বিশেষ করে সৌম্য সরকারের। লিগে অসাধারণ খেলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন। জাতীয় দলে ডাক পেয়েছিলেন লিটন ও রনিও। যাতে বড় ভূমিকা রেখেছিল প্রিমিয়ার লিগের সঙ্গে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সও।
‘সৌভাগ্যে’র প্রিমিয়ার লিগ এবার এখন পর্যন্ত ভিন্ন অভিজ্ঞতাই উপহার দিয়েছে তাঁদের। এখনো বলার মতো রান পাননি গত মৌসুমের শীর্ষ চার ব্যাটসম্যান। ৪ ম্যাচে ১৮.৫০ গড়ে রনির রান ৭৪। লিটনের অবস্থা তথৈবচ। ৪ ম্যাচে ১১.২৫ গড়ে আবাহনীর উইকেটকিপার-ব্যাটসম্যানের রান ৪৫। সমান ম্যাচে ১৩ গড়ে সৌম্যর রান ৫২। ১৫.৫০ গড়ে নাঈমের ৩১। চার রাউন্ড শেষে শীর্ষ ৫০ ব্যাটসম্যানের তালিকায়ও নেই কারও নাম।
গত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট ছিল ইলিয়াস সানির। পেয়েছিলেন ৩১ উইকেট। এবার একটিই ম্যাচ খেলেছেন, কোনো উইকেট নেই। সানির পরই ছিলেন আসিফ হাসান (২৭), এবার ৪ ম্যাচে তাঁর ৩ উইকেট। গতবার উইকেট পাওয়ায় তিন নম্বর এনামুল হক জুনিয়র পরশু গাজী গ্রুপের বিপক্ষে ৪ উইকেট পেয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আগের তিন ম্যাচে পেয়েছিলেন মাত্র ৪ উইকেট।
গত মৌসুমে শীর্ষ রানসংগ্রাহক ছিলেন বলে ‘এবারও হতে হবে’, এমন কোনো চাপ কি অনুভব করছেন রনি? প্রাইম দোলেশ্বরের ওপেনার ভিন্ন কথাই বললেন, ‘এমন কোনো চিন্তা কাজ করছে না। গতবার ম্যাচ ধরে ধরে এগিয়েছি। এবারও একই পরিকল্পনায় এগোচ্ছি।’
‘পরিকল্পনা’ কেন কাজে লাগাতে পারছেন না, সেই কারণটা রনিও খুঁজছেন, ‘একটা জায়গায় আটকে যাচ্ছি। আমি সোজা খেলতে স্বচ্ছন্দ বোধ করি। একই শটে গত মৌসুমে চার-ছয় হয়েছে। এবার মিস টাইমিং হয়ে যাচ্ছে। আরও মনোযোগী হতে হবে। একটা লম্বা ইনিংস খেললেই ছন্দে চলে আসব।’
লিটনের কণ্ঠেও রনির কথারই প্রতিধ্বনি। তিনিও তাকিয়ে সুন্দর আগামীর দিকে, ‘প্রতিদিন নতুন খেলা। নতুনভাবে প্রস্তুতি নিয়ে যাই। গতবার কী করেছি, তা নিয়ে চিন্তা করছি না। রান পাচ্ছি না, আশা করি সামনে হয়ে যাবে।’
সেই আশা পূরণ হতেও পারে। তবে তা হওয়ার আগ পর্যন্ত একটা প্রশ্ন ঠিকই তাড়িয়ে বেড়াবে রনি-লিটনকে—গতবারের ব্যাটে রানের ফল্গুধারা এবার কীভাবে শুকিয়ে গেল এমন!