এবার তাঁর 'শেষ' অবসর

কিছুতেই কিছু হচ্ছিল না। ফাস্ট বোলিংয়ে বিপক্ষে খেলা যেন ভুলে গিয়েছিলেন জোনাথন ট্রট। অস্ট্রেলীয় ফাস্ট বোলিংয়ে নাকাল হয়ে বারবার সাজঘরে ফিরছিলেন ইংলিশ ব্যাটসম্যান। ব্যর্থ হয়ে ট্রটের আত্মবিশ্বাসটাই চুরমার হয়ে গিয়েছিল। অবসাদজনিত কারণে সর্বশেষ অ্যাশেজের মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে তাঁর দেশে ফেরা। ট্রটের ক্যারিয়ারে তখনই দাঁড়ি দেখছিলেন অনেকে।
কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে ‘অবসাদ’ কাটিয়ে ট্রট ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটে রান করে ওয়েস্ট ইন্ডিজ সফরের ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছিলেন এই ৩৪ বছর বয়সী। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরটাই হয়ে গেল ট্রটের শেষ সিরিজ। এবার ব্যাটিং উদ্বোধন করে ক্যারিবীয় ফাস্ট বোলারদের সামনে খাবি খেয়েছেন, বাধ্য হয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে না বলে দিলেন সিরিজে ৬ ইনিংসে মাত্র ৭২ রান করা ট্রট।
অবসরের ঘোষণাটা এল পরশু। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারাই তাঁর কাছে বড় কারণ, ‘সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু বুঝতে পারছিলাম ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ পর্যায়ের খেলার মতো অবস্থায় আমি আর নেই। আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরিয়ে আমাকে সম্মান জানানো হয়েছিল। কিন্তু এটা কাজ না করায় আমি হতাশ।’
অবসরের ঘোষণা দিয়ে ট্রট হয়তো ঠিক কাজটাই করেছেন। অন্তত নিজের সিদ্ধান্তেই ইতি টানা হলো। প্রত্যাবর্তনের ছয় ইনিংসের তিনটিই শূন্য—নিউজিল্যান্ড সিরিজের দল থেকেই বাদ পড়তে পারতেন ট্রট। ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললেন ব্রিজটাউন টেস্টের পর, ইংলিশ গণমাধ্যম এপিটাফ লিখেই ফেলেছিল। লিখতে আসলে বাধ্য করেছিলেন ট্রট নিজেই। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্যানন গ্যাব্রিয়েলের শর্ট বলে যেভাবে আউট হলেন, তা প্রশ্ন তুলে দিয়েছিল ফাস্ট বোলিংয়ে বিপক্ষে তাঁর কৌশল নিয়ে।
২০০৯ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক, ক্যারিয়ারের সেরা ইনিংসে খেলেছেন সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ২০১০ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁর ১৬৮ রানের কল্যাণেই মূলত জিতে যায় ইংল্যান্ড। ৭ ইনিংসে ৮৯ গড়ে ৪৪৫ রান, ইংল্যান্ডকে ৩-১ এ সিরিজ জেতাতে বড় অবদানই রেখেছেন। কিন্তু আরেকটি অ্যাশেজের আগে আগে বিদায় নিলেন ইংলিশদের অ্যাশেজ নায়ক ট্রট। এএফপি, ক্রিকইনফো।