এবার তামিমের নতু্ন উদযাপন?

২২ গজে তামিম ইকবালের ব্যাটিং যেমন মুগ্ধতা ছড়ায়, তেমনি তাঁর উদযাপনও।
২০১০ সালে লর্ডস টেস্টে সেই উদযাপনের কথা মনে আছে? সেঞ্চুরির পর দৌড়ে গিয়ে দিলেন একটা লাফ। তারপর কয়েকবার জার্সির পেছন দিকে হাত দিয়ে ড্রেসিংরুমের দিকে দেখালেন। পরে খোলাসা করেন রহস্যটা—জার্সির পেছন দেখিয়ে অ্যাটেনডেন্টকে অনার্স বোর্ডে নাম লেখানোর তাগাদা দিয়েছিলেন!
তামিমের বিখ্যাত উদযাপনের তালিকা করতে বসলে ২০১২ এশিয়া কাপের ফাইনালটাও মনে পড়বে। এশিয়া কাপে টানা চার ফিফটির পর এক-দুই করে দেখালেন হাতের চার আঙ্গুল। উদযাপনের কারণ হিসেবে পরে বলেছিলেন, ‘টিমমেটদের বলতে চেয়েছি, ‘দেখো , টানা চারটা ফিফটি করেছি।’
সর্বশেষ তামিমের স্মরণীয় উদযাপন গত এপ্রিলে, পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর। ব্যাট ফেলে-গ্লাভস খুলে মাথার ওপর দুই হাত তুলে কথা বলার ভঙি করলেন। সেই উদযাপনের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান। ও গোল করার পর প্রায়ই এভাবে উদযাপন করে। আমিও ওর মতোই করলাম।’
কাল ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে দারুণ কিছুর পর দেখা যাবে তামিমের নতুন উদযাপন? আগের তিনটি বিখ্যাত উদাযাপন হয়েছে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে। এবার সবকিছুই তো বাংলাদেশ দলের এই ওপেনারের অনুকূলে। গত বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের সব সংস্করণে দারুণ ছন্দে আছেন তামিম। প্রায় এক বছর ধরেই সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে শুধুই স্তুতিগাঁথা।
তবে ব্যতিক্রম উদযাপনের উপলক্ষ কিন্তু একটা তৈরি হয়েই আছে। বাঁহাতি ওপেনার কদিন আগে হয়েছেন সন্তানের বাবা। আর নবজাতকের খেলোয়াড়-বাবাদের কাছে তো সবচেয়ে বিখ্যাত হয়ে আছে বেবেতোর সেই উদযাপন। ১৯৯৪ বিশ্বকাপ ফুটবলে হল্যান্ডের বিপক্ষে গোলের পর সতীর্থ রোমারিও ও মাজিনহোকে নিয়ে বেবেতো অদৃশ্য শিশু দুলিয়েছিলেন। আগামীকাল ভারতের বিপক্ষে দারুণ কিছু করে তামিম কি বেবেতোর সেই উদযাপন ফিরিয়ে আনবেন? বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার সহাস্যে বললেন, ‘আমি যত রানই করি, সেটা নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। তবে দল জিতলে ব্যতিক্রম উদযাপন করার চেষ্টা করব।’