এবার তাহলে ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জিতলেই প্রতিপক্ষ ধবলধোলাই। দুই মাসও হলো না, আবারও বাংলাদেশের সামনে এই সমীকরণ। আজ মিরপুরে তৃতীয় ওয়ানডেতে জিতলেই ধবলধোলাইয়ের হ্যাটট্রিক মাশরাফিদের।
ইতিহাসই বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর আগে একবারও যে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের সম্ভাবনা নিয়ে খেলতে নেমে ম্যাচ হারেনি বাংলাদেশ। তাহলে এবার ভারতও?
ওয়ানডেতে ভারতকে প্রথম হারাতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ১৬ বছর। ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া প্রথম জয়টি ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৩তম ম্যাচ। এরপর ২০০৭ বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপে ঐতিহাসিক দুই জয়। ২৯ ম্যাচে তিন জয়, সিরিজ শুরুর আগে ভারতের বিপক্ষে জয়ের পরিসংখ্যানটা এক ঝটকাতেই দ্বিগুণ হয়ে যাবে আজ জিতলেই।
আজ জিতলে বাংলাদেশ পেয়ে যাবে ১১তম বারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করার স্বাদ। একটা সময় সিরিজের পর সিরিজ থেকে শূন্য হাতে ফেরা বাংলাদেশ প্রথম ধবলধোলাই করে কেনিয়াকে, ২০০৬ সালে। একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বীদের চার ম্যাচের সিরিজে ৪-০ হারিয়েছিল হাবিবুল বাশারের দল।
মাস পাঁচেক পর ফিরতি সফরেও কেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ জেতে বাংলাদেশ। ওয়ানডেতে কেনিয়ার সঙ্গে বাংলাদেশ সর্বশেষ খেলেছে ওই সিরিজেই। দেশের বাইরে বাংলাদেশ সিরিজের সবগুলো ম্যাচ জিতেছে আর একবারই—২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
কেনিয়া ছাড়াও বাংলাদেশ দুবার করে ধবলধোলাই করেছে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে। জিম্বাবুয়েকে ২০০৬ ও ২০১৪ সালে এবং নিউজিল্যান্ডকে ২০১০ ও ২০১৩ সালে। জিম্বাবুয়ে দুবারই হেরেছে পাঁচ ম্যাচ সিরিজে। এ ছাড়া স্কটল্যান্ড (২০০৬), আয়ারল্যান্ড (২০০৮) ও পাকিস্তানকে (২০১৫) একবার করে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এর মধ্যে ২০০৬ সালে কেনিয়া, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে টানা তিনটি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।