এবার তোপ দাগলেন ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে খেলতে নামার আগে সমালোচকদের নিরন্তর ব্যবচ্ছেদ চলছিল। সাফল্যবুভুক্ষু সমর্থক ও সংবাদমাধ্যমের শ্যেনদৃষ্টিও ঘিরে ছিল মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে ম্যাচজেতানো একটি ইনিংস খেললেন। এতে চাপ কিছুটা হালকা তো করতে পারলেনই, সমালোচকদেরও একহাত নিলেন ভারতের ৩৪ বছর বয়সী ওয়ানডে অধিনায়ক।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যস্ত সূচি বিষম চাপ হয়ে বসেছিল। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বলেছিলেন, খেলাটাকে উপভোগ করতে চান। ভেবেছিলেন এবার উপভোগের আনন্দ ফিরে পাবেন। কিন্তু সেটি পাচ্ছেন কোথায়? সমালোচকেরা নখ-দাঁত বের করেই আছেন। মহেন্দ্র সিং ধোনি তাই এবার পাল্টা তোপ দাগলেন, ‘আমরা যে খেলাটা খেলি সেটি সহজ নয়। অনেক মানুষ আছে, যারা খোলা তলোয়ার নিয়ে আপনার ভুলের জন্য অপেক্ষা করে এবং তারা এতে আনন্দ পায়।’
চাপ তাঁদের জীবনের অংশ। শতকোটি মানুষের পাহাড়সমান প্রত্যাশা কাঁধে নিয়েই মাঠে নামতে হয়। ধোনি বলেছেন, সেঞ্চুরি করলেও চাপে থাকতে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। কারণ, পরের ম্যাচে লাফিয়ে বাড়ে প্রত্যাশার পারদ। ভারত অধিনায়ক জানেন, তাঁদের নির্ভার থাকার উপায় নেই অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও, ‘এমনকি র্যাঙ্কিংয়ে আমাদের নিচে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সময়ও আমরা চাপে থাকি। আর যদি আমরা ভালো না করতে পারি, তখন মিডিয়া আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করে।’ পিটিআই, ক্রিকইনফো।