এবার দক্ষিণ আফ্রিকায়ও নতুন কিছুর আশা

বাংলাদেশ দলের অনুশীলনে অধিনায়ক তামিম ইকবাল ও কোচ রাসেল ডমিঙ্গোছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্সিতে একটি নির্দিষ্ট রং থাকলে বাংলাদেশ দল জেতে না। অধিনায়ক তামিম ইকবালের এমন বিশ্বাসের কারণে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে এক সেট অনুশীলন জার্সি বানিয়ে ফেলার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) শেষ মুহূর্তে তা বদলাতে হয়েছিল।

অনুশীলনের জার্সিতে যে সেই ‘অপয়া’ রংটা ছিল! তামিমের এই বিশ্বাস একটা সংস্কার। শুধু তামিম নন, বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটারের মনেই সংস্কার কাজ করে। সেসব মেনে চলাটা তাঁরা খেলারই অংশ বানিয়ে ফেলেন।

বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো ভালো খেলে না। তিন সংস্করণ মিলিয়ে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯টি ম্যাচ খেলে হার সব কটিতেই। এবারও কি তাহলে...? এটা সংস্কার নয়, পরিসংখ্যান থেকে করা পূর্বানুমান। যেকোনো সিরিজের প্রস্তুতি এ রকম পরিসংখ্যান আর পূর্বানুমান ধরেই এগোয়।

কাল বিকেলে সুপার স্পোর্ট পার্কের খোলা প্রেসবক্সে হাত–পা ঠান্ডা করে দেওয়া বাতাসের মধ্যে বসে সামনে যে সবুজ মাঠটা দেখা যাচ্ছিল, পরিসংখ্যান বলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ থেকে এ মাঠে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটা হয়তো বাংলাদেশকে অস্বস্তির মধ্যে ফেলবে। বাংলাদেশ দল সেই পূর্বানুমান ভুল প্রমাণ করতে পারে কি না, এই সিরিজে মূল কৌতূহলের বিষয় হয়ে থাকবে সেটিই।

দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করার চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের সামনে
ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়নের উইকেটে পেসারদের বল বাড়তি গতি–বাউন্স পায়, আবার এ মাঠে রানও হয় প্রচুর। সর্বোচ্চ উঠেছে ৩৯২। ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাই করেছিল সেটি। তবে গতিময় বোলিং আর রান—দুটোই আসলে পরিপূরক। স্পোর্টিং উইকেটে বোলার–ব্যাটসম্যান সবার জন্যই কিছু না কিছু থাকে। কারা সুবিধাটা বেশি তুলে নিতে পারছে, প্রতিযোগিতা সেখানেই। তারপরও অস্বস্তির শঙ্কা কেন, সেটি বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। গতিময় বল খেলার সামর্থ্যের অভাব যে বাংলাদেশের ব্যাটিংয়েরই অন্যতম দুর্বলতা!

দক্ষিণ আফ্রিকার জন্য বাড়তি সুবিধা, তাদের এটা ঘরের মাঠ। আর ঘরের মাঠের সুবিধা নেওয়াটাই এখন আন্তর্জাতিক ক্রিকেটের রীতি। অতিথি দলগুলোও এখন আর সেটাতে কিছু মনে করে না।

ব্যাপারটা এ রকম, ‘তোমরাও তো একদিন আমাদের পাড়াতে আসবে...।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা সেটি মনে করিয়ে দিয়ে কাল তো একটা সতর্কবার্তাই জানিয়ে দিলেন বাংলাদেশকে, ‘কন্ডিশনই এখন দলগুলোর মধ্যে পার্থক্য গড়ে দেয়। অনেক দল হয়তো নিজেদের কন্ডিশনে অনেক শক্তিশালী, তবে অন্য কন্ডিশনে নয়। নিজেদের মাঠে আপনি সেই প্রতিযোগিতামূলক সুবিধাটা সব সময়ই নিতে চাইবেন। আমরা সেটা নেওয়ার সব রকম চেষ্টা করব।’

বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করছেন প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড
ছবি: সংগৃহীত

অবশ্য বাভুমা যতই হুমকি দিন আর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অতীত যতই হতাশার হোক, এবার যেন ক্রিকেটারদের মনের জানালায় অশুভ ছায়াটা একটু কম পড়ছে। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে দেওয়ার সুখস্মৃতি দক্ষিণ আফ্রিকা সিরিজের হাওয়ায় আত্মবিশ্বাসের রেণু উড়িয়ে দিচ্ছে।

মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে নিউজিল্যান্ডেও সফরের পর সফর শুধু হতাশার ছবিই এঁকেছে বাংলাদেশ। সেই ‘অজেয়’ কন্ডিশনও যেহেতু জয় করা গেছে, দক্ষিণ আফ্রিকায়ই–বা কেন ভাগ্য বদলাবে না?

আর শুরুতে যে পরিসংখ্যানের কথা বলা হলো, সেটা নিয়ে আলোচনা তো আসলে খেলার আগপর্যন্তই। খেলাটা মাঠে গড়িয়ে যাওয়ার পর পুরোনো হিসাব হাওয়ায় মিলিয়ে যায়। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ম্যাচে একটা দল কেমন করল, সেটিই তখন বড় হয়ে ওঠে।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কের কথা যদি শুধু বলেন, এ মাঠে এর আগে ওয়ানডে ক্রিকেটই খেলেনি বাংলাদেশ। যে একমাত্র ম্যাচটি খেলেছে সেটি টেস্ট। ২০০৮ সালের সফরে সেই টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও স্মৃতিটা তো আর মাউন্ট মঙ্গানুইয়ের চেয়ে তাজা নয়। এবার ওয়ানডে সিরিজেও তাই নতুন কিছু ভাবা যায়।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের সিরিজ–পূর্ব অনলাইন সংবাদ সম্মেলনেও কাল এসেছে কন্ডিশনের প্রসঙ্গ। তামিম অবশ্য সেঞ্চুরিয়নের উইকেটের ইতিবাচক দিকটাই দেখছেন বেশি।

অনুশীলনে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দরজায় কড়া নাড়ছে ওয়ানডে সিরিজ
ছবি: সংগৃহীত

এখানে ওয়ানডে খেলার অভিজ্ঞতা না থাকায় একটা ‘চ্যালেঞ্জ’ যেমন দেখছেন, তেমনি দেখছেন রান, ‘পরিসংখ্যানে যা পাই তা হলো এখানে খুব রান হয়। কারণ, মাঠের আকার একটু ছোট আর আউটফিল্ড খুব গতিময়। পরিসংখ্যানের দিকে তাকালে বলতেই হবে এটা রানের মাঠ।’

কিন্তু ওই যে বলা হলো গতিময় বোলিং আর রানের সম্ভাবনা একটি আরেকটির পরিপূরক, তামিমও সেই বাস্তবতাটা ভুলে থাকলেন না, ‘যতই পরিসংখ্যান দেখি না কেন, আমাদের মাঠে ভালো করতে হবে। আমরা জানি, ওরা আমাদের ওপর শক্তভাবে ঝাঁপিয়ে পড়বে। এই দিকটা আমাদের ভালোভাবে সামলাতে হবে।’

সেটা সামলানোর বড় দায়িত্ব থাকবে দলের পেসারদেরও। এই উইকেটে স্পিনাররা শুধুই সময়ের দাবি মেটাবেন, বোলিংয়ে যা করার পেসারদেরই করতে হবে। বাংলাদেশ দলের পেসাররা অবশ্য সাম্প্রতিক ম্যাচগুলোতে বেশ উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকায় এসেও অধিনায়কের আস্থায় আছেন তাঁরা।

সিরিজটা নিয়ে আরও আশাবাদী হতে চাইলে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ওয়ানডেটার দিকেও একটু ফিরে তাকাতে পারেন। ২০১৯ বিশ্বকাপে ওভালে দুই দলের সর্বশেষ সাক্ষাতে জয়টা যে বাংলাদেশেরই। অন্য সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে আজকের ম্যাচের আগে তামিমও সেই স্মৃতিটা সামনে আনলেন, ‘সম্প্রতি আমরা ওদের সঙ্গে ভালো খেলেছি, যেমন বিশ্বকাপে। এখানেও ভালো করতে না পারার কোনো কারণ নেই।’

ব্যাটসম্যানদের জন্য উইকেট নিয়েও আশার কথা শুনিয়েছেন তামিম
ছবি: সংগৃহীত

তবে এ ক্ষেত্রেও ওই কথাটাই আবার আসে—অতীতের ভালো–খারাপ নিয়ে আলোচনা ম্যাচের আগপর্যন্তই। অধিনায়কও শেষটায় বললেন, ‘যত কিছুই বলি না কেন দেখতে হবে কাল (আজ) আমরা শুরুটা কেমন করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুরুটা।’

এটা অবশ্য সংস্কার বা পূর্বানুমান কিছুই নয়। এটা একটা সূত্র, যেটা বাংলাদেশ দলের কাজে লেগেছে আগেও। ভালো শুরু মানে শেষটাও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। আজ প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত ভালো শুরুটা পেয়ে গেলে সেটি প্রবাহিত হতে পারে পুরো সিরিজেই।

তামিমের কথায় এবার যেন নিউজিল্যান্ডে বলা টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কথার প্রতিধ্বনি, ‘দক্ষিণ আফ্রিকা সফর সব সময়ই আমাদের জন্য কঠিন। আমরা চাই এটা পরিবর্তন করতে। এর জন্য আমাদের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সাহসী হতে হবে।’

নতুন কিছুর আশায় দক্ষিণ আফ্রিকায় সেই সাহসী ক্রিকেটটাই খেলুক বাংলাদেশ।